পিছিয়ে যাচ্ছে রাশমিকা মান্দানার ‘মাইসা’
পিছিয়ে যাচ্ছে রাশমিকা মান্দানার ‘মাইসা’।
ads

বিনোদন ডেস্ক
রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘মাইসা’র মুক্তি পিছিয়ে যাওয়ার খবর সামনে এসেছে। শুরুতে সিনেমাটি ২০২৬ সালের ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এবার সেই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম গুলতে-র এক প্রতিবেদন অনুযায়ী, ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে না ‘মাইসা’। এর পরিবর্তে আগামী ১১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই নতুন মুক্তির তারিখ এখনো নিশ্চিত নয়। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সার্টিফিকেশন নির্দেশিকার কারণে মুক্তি পিছিয়ে যেতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, সিনেমা মুক্তির অন্তত দুই সপ্তাহ আগে সেটি সার্টিফিকেশনের জন্য জমা দিতে হবে। গোন্ড আদিবাসী সম্প্রদায়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘মাইসা’। এতে এক সাহসী আদিবাসী নারীর গল্প তুলে ধরা হয়েছে। পরিবার ও নিজের সম্প্রদায়ের ওপর বিপর্যয় নেমে আসার পর তার জীবন বদলে যায়। নিজের মানুষদের রক্ষা করতে তিনি হয়ে ওঠেন দুর্র্ধষ এক যোদ্ধা। নিপীড়নকারী শক্তির বিরুদ্ধে শুরু করেন লড়াই। পাশাপাশি নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা পুরনো এক রহস্যের সন্ধান করেন। দীর্ঘদিন ধরে তাকে তাড়িয়ে বেড়ানো একটি প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন তিনি। সিনেমাটিতে রাশমিকার সাথে অভিনয় করেছেন সামুথিরাকানি, ঈশ্বরী রাও, রাহুল রবীন্দ্রন ও রাও রমেশ। আরো কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন রবীন্দ্র পুল্লে। সঙ্গীত ও আবহসঙ্গীত পরিচালনা করেছেন জেকস বিজয়। তিনি ‘থুডারুম’ ও ‘সারিপোধা সানিবারাম’ সিনেমার সঙ্গীত পরিচালনার জন্য পরিচিত। এদিকে, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে বিজয় দেবেরাকোন্ডার সাথে ‘রানাবালি’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছেন রাহুল সংকৃত্যয়ন। ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে নির্মিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক যোদ্ধার লড়াই তুলে ধরা হয়েছে। তার সাথে ছিলেন স্ত্রী ও বিশ্বস্ত সহযোগীরা। সিনেমাটিতে প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য মামি’খ্যাত আর্নল্ড ভসলো। আরো অভিনয় করেছেন লাল, ঈশ্বরী রাও ও শীলা রাজকুমার। মুক্তির পর ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।