
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের মহেশখালীতে ভিটা জমি নিয়ে বিরোধের জেরে সৎভাইয়ের ইটের আঘাতে হাজী মহিবুল্লাহ সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ ওই এলাকার মরহুম খলিফা মোহাম্মদ খলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভিটা জমি নিয়ে সৎভাই নেচার উল্লাহর সাথে মহিবুল্লাহর বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নেচার উল্লাহ ইট দিয়ে মহিবুল্লাহর মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মহেশখালী থানার ওসি আবদুস সুলতান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









