গোমস্তাপুরে ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
ads

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈধ কাগজপত্র ছাড়া পরিবহনের সময় ৬৭ বস্তা সারসহ একটি মাহিন্দ্র পিকআপ আটক করেছে পুলিশ। এ ঘটনায় মো: জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
গত শনিবার রাত ১০টার দিকে রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় পুলিশের পেট্রোল টিম একটি মাহিন্দ্র পিকআপে তল্লাশি চালিয়ে ৬২ বস্তা ডিএপি ও পাঁচ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে। পুলিশ জানায়, এএসআই মো: সৈয়দ আলীর নেতৃত্বে অভিযানকালে পিকআপটি আটক করা হয়। গাড়িতে চালক আলম আলী ও মো: জাহাঙ্গীর আলম জানায়, নওগাঁর সাপাহার উপজেলার এক সার ডিলারের দোকান থেকে সারগুলো নিয়ে শিবগঞ্জের বালুরচর এলাকায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। তবে পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের পুলিশ তদন্ত কেন্দ্রে নেয়া হয়। পরে রাত ১১টার দিকে ইউএনও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
এ সময় জাহাঙ্গীর আলমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। জব্দ করা সারের মধ্যে ৫৭ বস্তা গোমস্তাপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমানের জিম্মায় দেয়া হয়েছে।