
বাজিতপুর ও কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সোহেল (২৯) নামে এক যুবদল নেতাকে বল্লম দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় করগাঁও ইউনিয়নের কাঠুরদীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের স্ত্রী, শ্বশুর, শ্যালকসহ পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
নিহত সোহেল করগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে শাহজাহান ও তার চাচাতো ভাই আকবরের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। অভিযোগ অনুযায়ী, বিরোধের বিষয়ে সামাজিক বৈঠক শেষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সোহেলের ওপর হামলা চালানো হয়। প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়া হয়। পরে বুকের ডান পাশে বল্লম দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, আকবর ও তার জামাতাসহ কয়েকজন এ হামলায় জড়িত। সোহেলকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী লিজা, শ্বশুর শাহজাহান ও পরিবারের অন্য সদস্যদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, পারিবারিক রাস্তাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









