নিমগাছি মৎস্য প্রকল্পে অনিয়ম নেই প্রশাসনিক ব্যবস্থা
ads

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্য প্রকল্পে সরকারি সম্পদ সরিয়ে নেয়া ও অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও অভিযুক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মাসুদ রানার বিরুদ্ধে এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি। 
জানা গেছে, রায়গঞ্জের নিমগাছি সরকারি মৎস্য প্রকল্পের ৬৫টি খুঁটি, তিন বান্ডিল কাঁটাতার নিজ বাড়িতে নেয়া, প্রকল্পের গাছ বিক্রি ও গোপনে হ্যাচারির মাছের রেণু বিক্রির অভিযোগ ওঠে সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদফতর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদনটি বিভাগীয় পরিচালকের কাছে জমা দেয়া হয়। অভিযোগের বিষয়ে মাসুদ রানা বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো দাফতরিক নির্দেশনা না পাওয়ায় আমি এখানেই দায়িত্ব পালন করছি।’ তদন্ত কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো: মাহবুবুর রহমান বলেন, আমরা সঠিকভাবে তদন্ত করেছি। 
তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদনটি পরিচালকের কাছে পাঠিয়েছি। রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদফতরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছি এবং তা মন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে। স্থানীয়দের দাবি, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।