
আতিকুর রহমান মানিক ঈদগাঁও (কক্সবাজার)
কক্সবাজারের উপকূলীয় ১৫ হাজার চিংড়ি ঘেরে বাগদার পাশাপাশি উৎপাদিত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। ভরা মৌসুমে এসব মাছে জেলার হাটবাজার সয়লাব হয়ে যাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে অন্য জেলাতেও। তবে সংরক্ষণাগার না থাকায় আহরিত দিনের মাছ দিনেই বিক্রি করতে হচ্ছে। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষি ও উদ্যোক্তারা।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর জেলার ৪৪ হাজার হেক্টর উপকূলীয় জমিতে প্রায় ১৫ হাজার চিংড়ি ঘেরে বাগদাসহ বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদিত হচ্ছে। এসব ঘেরে বাটা, দাঁতিনা, গুইল্যা, কোরাল, তাইল্যা ও লইল্যাসহ নানা জাতের মাছ পাওয়া যাচ্ছে।
চিংড়ি চাষি এনামুল বলেন, প্রতিদিন ঘেরে বিপুল পরিমাণ মাছ ধরা পড়লেও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কম দামে বিক্রি করতে হচ্ছে। সরকারি-বেসরকারি উদ্যোগে হিমাগার স্থাপন করা হলে মৌসুমের অতিরিক্ত মাছ সংরক্ষণ করে পরবর্তী সময়ে বিক্রি করা সম্ভব হতো।
চকরিয়ার চোয়ার ফাঁড়ি দেশের অন্যতম বৃহৎ পাইকারি মাছের বাজার। আড়তদার ছলিম উল্লাহ জানান, এ বাজারে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার মাছ কেনাবেচা হয়। সংরক্ষণের সুযোগ না থাকায় প্রতিদিনের মাছ প্রতিদিনই বিভিন্ন এলাকায় পাঠাতে হচ্ছে।
বর্তমানে বাজারে প্রতি কেজি তাইল্যা মাছ ৪০০ টাকায়, বাটা মাছ ৫০০-৬০০ টাকায়, গুইল্যা ৬০০ টাকায়, দাঁতিনা ৫০০ টাকায় এবং কোরাল ৪০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
সাবেক জেলা মৎস্য কর্মকর্তা ও চিংড়ি বিশেষজ্ঞ অমিতোষ সেন বলেন, হোয়াইট ফিশ মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রার ব্লাস্ট ফ্রিজারে সংরক্ষণ করলে তিন-চার মাস গুণগত মান বজায় রাখা সম্ভব। ঈদগাঁও, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ায় সংরক্ষণাগার নির্মাণ করা হলে চাষিরা লাভবান হবেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা জানান, জেলায় ১৫ হাজার চিংড়ি ঘেরে মাছ উৎপাদিত হচ্ছে। এসব ঘের থেকে ধরা পড়া প্রতিদিনের মাছ সংরক্ষণাগারের অভাবে ওই দিনই বিক্রি করতে হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









