ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে সারা দেশে কৃষিতে বিপর্যয়
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কেটে রাখা আমন ধান : নয়া দিগন্ত।
ads

নয়া দিগন্ত ডেস্ক
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় দেশেল দক্ষিণাঞ্চলের কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও জমিতে কেটে রাখা আমন ধান পানিতে তলিয়ে গেছে, কোথাও পাকা ও আধাপাকা ধান নুয়ে পড়ে ফলনে প্রভাব ফেলছে, আবার কোথাও আগাম তরমুজের চারা, বোরো বীজতলা, শীতকালীন সবজি, ভুট্টা, সরিষা, পেঁয়াজ ও রসুনের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফসল ঘরে তোলা, শুকানো ও সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। নতুন করে আবাদ করতে বাড়তি খরচেরও আশঙ্কা করছেন তারা। 
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে আগাম তরমুজের চাষাবাদ ক্ষতির মুখে পড়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার দিনভর থেমে থেমে বৃষ্টিতে জমিতে পানি জমে আমন চারা নষ্ট হয়েছে। কিছু সবজিক্ষেতে পানি জমে গাছ মরে বা পচে গেছে বলে বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 
চরচান্দুপাড়া গ্রামের কৃষক ফেরদৌস তালুকদার ২৪ বিঘা জমি বর্গা নিয়ে নিয়ে আগাম তরমুজ চাষ করেন। চারা তৈরি, জমি চাষ ও শ্রমিকের মজুরিসহ ইতোমধ্যে তার প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। বৃষ্টিতে রোপণ করা ক্ষেতের প্রায় অর্ধেক চারা নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানান, বৃষ্টিতে এ জেলায় আমন ধানের তেমন ক্ষতি হয়নি। তবে আগাম তরমুজ চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি মৌসুমে উপজেলায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শীতের আগমনী মুহূর্তের এই বিরামহীন বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তাদের কেটে রাখা আমন ধান ভিজে গেছে। এতে ধানের মান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার দুপুর থেকে বিরামহীন বৃষ্টি শুরু হওয়ায় নিচু জমিতে পানি জমে ধানের আঁটি তলিয়ে যায়। কোথাও পানির ওপর ধানের গোছা ভাসতে দেখা গেছে।
স্থানীয় কৃষকেরা জানান, আমন কাটার মৌসুমে অনেকেই ধান কেটে মাঠেই রেখে দেন। কেউ শুকানোর, কেউ মাড়াইয়ের প্রস্তুতি নেন। হঠাৎ বৃষ্টিতে তাদের সেই প্রস্তুতি থমকে দাঁড়ায়। ভেজা ধান দ্রুত শুকাতে না পারলে পচন ধরতে পারে, নষ্ট হতে পারে রঙ ও গুণগত মান। এখনো যেসব জমিতে ধান এখনো দাঁড়িয়ে আছে, সেগুলো নিয়েও উদ্বেগ রয়েছে কৃষকদের মধ্যে। 
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শিবগঞ্জে অসময়ের বৃষ্টিতে কেটে রাখা আমন ধান ভিজে যাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। মাঠে কোথাও সারি করে, কোথাও স্তূপ করে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে গেছে। রোদ না ওঠায় ধান শুকানো ও মাড়াই ব্যাহত হচ্ছে। গতকাল রোববার সকালে উপজেলার মধুপুর এলাকার মাঠে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কাটা ধান ভিজে রয়েছে। কেউ জমির পানি নিষ্কাশন করছেন, কেউ ধানের গোছা এক জায়গায় স্তূপ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় এবার ২১ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় ৪০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। মূলত নিচু জমিতে পানি জমেছে। তবে পানি নেমে যাচ্ছে। আবহাওয়া ভালো হলে ফসলের তেমন ক্ষতির আশঙ্কা নেই।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়ায় দুই দিনের টানা বৃষ্টিতে পাকা ও কেটে রাখা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। জমিতে পানি জমে কাটা ধান ভিজে থাকায় শুকানো, মাড়াই ও ঘরে তোলা ব্যাহত হচ্ছে। সময়মতো রোদ না উঠলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।
গতকাল রোববার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কোথাও জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান নুয়ে পড়েছে, কোথাও কাটা ধান পানিতে ডুবে নষ্ট হচ্ছে, আবার কোথাও বৃষ্টির কারণে পাকা ধান কাটতে পারছেন না কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা জানান, চলতি মৌসুমে উপজেলায় ১০০ হেক্টর জমিতে ধান, ৪০ হেক্টর জামিতে সরিষা, ২০ হেক্টর খেসারি ও ১০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। টানা বৃষ্টিতে এসব ফসলের কিছুটা হলেও ক্ষতির মুখে পড়েছে।
লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অসময়ের বৃষ্টিতে ভোলার লালমোহনে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। মাঠে পাকা ও আধাপাকা ধান থাকায় বৃষ্টি অব্যাহত থাকলে ফসল নুয়ে পড়া, ধান ঝরে যাওয়া ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। জানা গেছে, এ উপজেলার প্রায় ৯৫ শতাংশ জমির ধান এখনো কাটা হয়নি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২২ হাজার ১৩০ হেক্টর জমিতে উচ্চফলনশীল এবং ৮৪০ হেক্টরে স্থানীয় জাতের ধান আবাদ হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মেহেদী হাসান সুমন জানান, কিছু এলাকায় ধান নুয়ে পড়েছে। উপজেলায় প্রায় ৮০ শতাংশ ধান কাটার উপযোগী হয়েছে। পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দেয়া হচ্ছে।
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে টানা বৃষ্টিতে পাকা ও কেটে রাখা আমন ধান, শীতকালীন সবজি এবং বোরোর বীজতলা ক্ষতির মুখে পড়েছে। 
স্থানীয় কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, জেলায় চার উপজেলায় ৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোহসীন জানান, জমির পানি দ্রুত নিষ্কাশন এবং কাটা ধান উঁচু ও শুকনো স্থানে রাখার পরামর্শ দেয়া হচ্ছে। ক্ষতি কমাতে মাঠপর্যায়ে কৃষকদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।