
মিনাজুল ইসলাম মিজান সোনাতলা (বগুড়া)
উৎপাদন ও সংরক্ষণ খরচের অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না বগুড়ার হিমাগারে রাখা আলু। প্রতি কেজিতে ২২ থেকে ২৩ টাকা খরচ হলেও বর্তমানে পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭ থেকে ৯ টাকায়। ভয়াবহ এই দরপতনে আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না। ফলে লোকসানের বোঝা মাথায় নিয়ে ভাড়া পরিশোধের ভয়ে হিমাগার কর্তৃপক্ষের ফোন ধরছেন না অনেক কৃষক ও ব্যবসায়ী।
বগুড়া কৃষি বিপণন অধিদফতর সূত্র জানায়, চলতি ২০২৬ সালে জেলার ৫১টি হিমাগারে প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৮৪২ টন খাবার ও বীজ আলু সংরক্ষণ করা হয়েছিল। সংরক্ষণের নির্ধারিত মেয়াদ শেষ হলেও এখনো প্রায় এক লাখ টন আলু অবিক্রীত অবস্থায় পড়ে আছে। পুঁজি হারানোর পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন হাজারো আলুচাষি ও ব্যবসায়ী।
খন্দকার হিমাগারে তিন লাখ টাকার আলু রেখে বিপাকে পড়া কৃষক ও ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, “কয়েক মাস ধরে আলু আটকে আছে, ক্রেতা নেই। হিমাগার থেকে ফোন করলে ধরার সাহস পাই না। লোকসানের ভয়ে এখন আড়ালে থাকতে হচ্ছে।” একই হিমাগারে ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে আলু রাখা আবু মোত্তালিব মানিক জানান, আলু রাখার পর থেকেই দাম কমতে থাকে। ক্রেতা খুঁজতে খুঁজতেই মেয়াদ শেষ হয়ে গেছে; এখন ঋণ পরিশোধের কোনো পথ দেখছেন না।
বগুড়া সদরের খামারকান্দি এলাকার কৃষক হজরত আলী গত বছর ১৯২ বস্তা আলু রেখে লোকসান দিয়েছিলেন। এবার ঝুঁকি কমাতে ৯২ বস্তা রেখেও কেজিতে প্রায় ১৪ টাকা লোকসানের মুখে পড়েছেন। তার ভাষায়, সুষ্ঠু বিপণন নীতিমালা না থাকায় ঋণগ্রস্ত কৃষকদের বারবার লোকসান গুনতে হচ্ছে। টানা লোকসানের প্রভাব পড়ছে আগামী মৌসুমের আবাদেও। মোকামতলার কৃষক আবদুল বাছেদ জানান, গত তিন বছর আলু চাষ করে তিনি লাভের মুখ দেখেননি। গত বছর ৫০ শতক জমিতে বৃষ্টিতে আলু পচে তার ২০ হাজার টাকা লোকসান হয়। লোকসানের কারণে এলাকার অনেকেই এবার আলু চাষ কমিয়ে দিচ্ছেন; তবে তি পুষিয়ে নেয়ার আশায় তিনি দুই বিঘা জমিতে আবাদের প্রস্তুতি নিচ্ছেন।
হিমাগার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় আলুর চাহিদা কমেছে। বর্তমানে ৬০ কেজির এক বস্তা আলু বিক্রি হচ্ছে ৪৭০ থেকে ৫০০ টাকায়। কাফেলা হিমাগারের ব্যবস্থাপক আবদুল হান্নান জানান, তাদের হিমাগারে সংরক্ষিত ১ লাখ ৫৫ হাজার বস্তা আলুর মধ্যে ১৫ নভেম্বর মেয়াদ শেষ হওয়ার পরও ৪৮ হাজার বস্তা পড়ে আছে। মালিকেরা খোঁজ না নিলে নির্ধারিত সময় পর এসব আলু ফেলে দেয়া ছাড়া উপায় থাকবে না বলে জানান তিনি। পার্শ্ববর্তী জয়পুরহাটের কালাই উপজেলার ১২ হাজার টন ধারণক্ষমতার আরবি হিমাগারেও প্রায় ৩০ শতাংশ আলু অবিক্রীত রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক পরিমল প্রসাদ রাজ।
এ বিষয়ে বগুড়ার জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা মোরশেদ আল মাহমুদ জানান, ভারতে দাম কম থাকায় এবং আন্তর্জাতিক বাজারে নানা জটিলতায় এবার আলু রফতানি বাধাগ্রস্ত হয়েছে। তবে সঙ্কট নিরসনে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও নেপালে আলু রফতানির উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি আলুর লোকসান পুষিয়ে নিতে সরকার আগামী মৌসুমে কৃষকদের সরিষা চাষে প্রণোদনা দেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









