
শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছা উপজেলায় কড়ুলিয়া নদীর ওপর নির্মাণাধীন লস্কর-বাইনতলা সেতুর মূল অবকাঠামোর ৭৬ শতাংশ কাজ শেষ হলেও সংযোগ সড়কের (অ্যাপ্রোচ) ভূমি অধিগ্রহণ জটিলতায় পুরো প্রকল্পের কাজ গতি হারাচ্ছে। এতে এক দিকে সেতু চালু নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, অন্য দিকে ক্ষতিপূরণের অর্থ না পেয়ে হতাশায় ভুগছেন জমি মালিকরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা। পল্লী সড়ক (সিআইবিআরআর) প্রকল্পের আওতায় ৭৪৯ মিটার (প্রায় পৌনে এক কিলোমিটার) দীর্ঘ ও ৯.৮ মিটার (৩২ ফুট) প্রশস্ত সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৩ সালের ১৩ নভেম্বর। তবে কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এনডিই’ একই বছরের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু করে। পাইকগাছা জিসি সড়ক থেকে লস্কর-বাইনতলা, বগুলারচক-শুড়িখালী, ভাণ্ডারপোল এবং গিলাবাড়ী-জিসি সড়কের ২৩ শ’ মিটার অংশের সংযোগে এই সেতু নির্মিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র ও প্রকল্পের অগ্রগতি অনুযায়ী, সেতুর মোট ২৪০টি পাইলের কাজ এবং ২৫টি আরসিসি স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে নদীর মাঝখানে ৭৫ মিটার দৈর্ঘ্যরে স্টিল স্প্যান বসানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু সেতুর উভয় পাড়ে লস্কর-খড়িয়া অংশে প্রায় ৩০০ মিটার সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমির অধিগ্রহণ আটকে থাকায় কাজ এগিয়ে নেয়া কঠিন হয়ে পড়েছে।
ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে দুই পাড়ে প্রায় ২.৭১ একর জমির মালিকদের ৩ ধারার নোটিশ জারির দীর্ঘ সময় পেরোলেও এখনো ৪ ধারার নোটিশ জারি হয়নি বলে জানা গেছে। ফলে ক্ষতিগ্রস্ত মালিকরা ক্ষতিপূরণের অর্থ পাচ্ছেন না। চিংড়ি চাষি ও জমি মালিক এসএম রেজাউল করিমসহ কয়েকজন ভুক্তভোগী জানান, নানা জটিলতার পর সম্প্রতি কর্তৃপক্ষ মালিকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পাঠিয়েছে; তবে কবে নাগাদ ক্ষতিপূরণের টাকা হাতে পাবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা নিশ্চয়তা পাননি।
সংশ্লিষ্টদের মতে, সেতুটির নির্মাণ শেষ হলে পাইকগাছা ও কয়রার পাশাপাশি ডুমুরিয়া, বটিয়াঘাটা, তেরখাদা ও সাতক্ষীরার আশাশুনি এলাকার প্রায় ছয় লাখ মানুষ সরাসরি সড়কপথে খুলনা জেলা সদরের সাথে যুক্ত হতে পারবেন। দুই ঘণ্টার বদলে আধা ঘণ্টা সময় লাগবে তখন। বর্তমানে পাইকগাছা ও কয়রার বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে শিববাটি ব্রিজ হয়ে যাতায়াত করতে হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই-এর প্রকল্প ম্যানেজার সাহেব আলী বলেন, এখন পর্যন্ত প্রকল্পের ৭৬ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেতুটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে আমরা প্রস্তুত। কিন্তু ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় সংযোগ সড়কের কাজ শুরু করা যাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি এলজিইডি ও জেলা এলএ শাখা যৌথভাবে তদারকি করছে। উপজেলা প্রকৌশলী এমএ আব্দুস সামাদ বলেন, কাজের সার্বিক অগ্রগতি সন্তোষজনক। জেলা এলএ শাখা থেকে পাঠানো ফাইল মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু করা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









