
ইবি প্রতিনিধি
প্রতিষ্ঠার ৪৭ বছর পূর্ণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানবিজ্ঞানের সমন্বয়ে স্বতন্ত্র শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও বিশেষ দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে গতকাল রোববার দিনটি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমবেত হন বিভিন্ন বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন।
আলোচনা সভায় ভিসি বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। ১৯৭৯ সালের ২২ নভেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তার বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। তবে দীর্ঘদিন ধরে সে লক্ষ্য ও উদ্দেশ্য উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়টিকে ভিন্ন ধারায় পরিচালনার চেষ্টা করা হয়েছে। প্রতিষ্ঠাকালীন লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রো-ভিসির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপপরিচালক রাজিবুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা সভা শেষে আনন্দ শোভাযাত্রা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









