১ দিনে ৩ সীমান্ত পরিদর্শন বিজিবি প্রধানের
ads

 নয়া দিগন্ত ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী একদিনে দেশের তিন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। সেগুলো হলো- কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা। সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সুরক্ষা ব্যবস্থা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিন জানতে গতকাল তিনি এই পরিদর্শন করেন। এদিন সকালে প্রথমে বিজিবি প্রধান কুমিল্লা সেক্টর সদর দফতরে যান এবং কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। এরপর ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি), মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) এবং সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সর্বশেষ সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। সেখানে তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সীমান্তের স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখতে গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে তিনি বিজিবির দায়িত্বরত সব পর্যায়ের সদস্যদের সাথে মতবিনিময় এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্ত অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি বাড়ানো, পুশইন প্রতিরোধসহ বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ রোধে কার্যকরী ব্যবস্থা নেয়া এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক দিকনির্দেশনা দেন।
তার এ পরিদর্শনকালে বিজিবি সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।