
বিশেষ সংবাদদাতা
তৈরী পোশাকশিল্পের ন্যূনতম মজুরি বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক বিশ্লেষণের ওপর বিজিএমইএ-এর পর্যবেক্ষণের জবাব দিয়েছে সংস্থাটি। সিপিডি বলেছে, তাদের হিসাব কোনো একতরফা বা অতিরঞ্জিত নয়। বরং একাধিক প্রকাশিত গবেষণা ও বিবিএসের তথ্যের মধ্যমান ব্যবহার করে নির্দেশক আনুমানিক হিসাব উপস্থাপন করা হয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানকে জানিয়েছেন, ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও শিল্পের সক্ষমতা বিবেচনা করা উচিত। তবে জ্বালানি সঙ্কট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো সমস্যার দায় শ্রমিকদের কম মজুরি দিয়ে তাদের ওপর চাপানো ঠিক নয়। সংস্থাটি আশা প্রকাশ করেছে, মজুরি বোর্ড শ্রমিকদের চাহিদা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা- দুই দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।
চিঠিটি ১৯ নভেম্বর পাঠানো বিজিএমইএর চিঠির উত্তরে দেয়া হয়েছে। বিজিএমইএ চিঠি দিয়েছিল ১৮ নভেম্বর সিপিডির মিডিয়া ব্রিফিংয়ে উপস্থাপিত বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে।
পরিবারের সদস্য সংখ্যা
সিপিডি তাদের হিসাবে পরিবারের সদস্যসংখ্যা ধরেছে চারজন এবং উপার্জনকারী ১.৫৮ জন। বিজিএমইএর আপত্তি ছিল, গড়ের বদলে মধ্যমান ব্যবহার করা হয়েছে। জবাবে সিপিডি বলেছে, পাঁচটি উৎসের সরল গড় ধরলে সদস্যসংখ্যা দাঁড়ায় ৩.৯৩, যা চারের খুব কাছাকাছি। ফলে মজুরির হিসাবে বড় পরিবর্তন হবে না।
বিজিএমইএ বিবিএসের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ (এসইডিএস) ২০২৩-এর তথ্য ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। সিপিডি জানায়, ওই জরিপের ৩.৯৬ জন সদস্যসংখ্যা ধরলেও দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হয়, অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা। সংস্থাটি আরো বলেছে, দারিদ্র্যসীমার ভিত্তি যেহেতু ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস), তাই একই জরিপের তথ্য ব্যবহার করলে হিসাবে সামঞ্জস্য বজায় রাখা সহজ হয়। ওই জরিপে শহরাঞ্চলে পরিবারের গড় সদস্যসংখ্যা ৪.১৮। অর্থাৎ সিপিডির ধরা সংখ্যা তার চেয়েও কম।
উপার্জনকারী সদস্য
উপার্জনকারীর সংখ্যা নিয়েও একই যুক্তি দিয়েছে সংস্থাটি। তারা জানায়, পাঁচটি উৎসের সরল গড় প্রায় ১.৬৭, মধ্যমান ১.৫৮। এইচআইইএসের শহরাঞ্চলের ১.৩৭ জন ধরলে বরং একজন উপার্জনকারীর প্রয়োজনীয় মজুরি আরো বাড়ত। তাই ১.৫৮ ধরা মজুরি বাড়ানোর জন্য নয় বলে দাবি সিপিডির। ২০২৩ সালের নিজস্ব জরিপের নমুনা (৭৬ কারখানার ২২৮ শ্রমিক) নিয়ে বিজিএমইএর তৎকালীন নেতৃত্ব প্রশ্ন তুলেছিল। সিপিডি বলেছে, এবার তারা শুধু সেই জরিপের ওপর নির্ভর করেনি। এসিডির এক হাজার ১১৯ জন এবং আইএলও ও ইউএন উইমেনের ৫৫৩ জন শ্রমিকের গবেষণাও বিবেচনা করা হয়েছে। তবে একাধিক গবেষণা একসাথে ধরা নতুন প্রতিনিধিত্বশীল জরিপের সমতুল্য নয়, এই সীমাবদ্ধতা সিপিডি স্বীকার করেছে। সংস্থাটির ভাষ্য, তিন বছরে শ্রমিকের পরিবারের আকার বেড়েছে বা উপার্জনকারী কমেছে- এমন দাবি তারা করেনি।
শহর-গ্রামের দারিদ্র্যসীমা
বিজিএমইএ ঢাকা বিভাগের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমার বদলে শহর ও গ্রামের গড় ব্যবহারের পরামর্শ দিয়েছিল। সিপিডির জবাব, শ্রমিকদের বড় অংশ শহর ও শিল্পাঞ্চলে থাকেন, বাসাভাড়া দেন এবং বাজার থেকে কিনে চলেন। তাই শহরের দারিদ্র্যসীমাই যুক্তিসঙ্গত। এটি শুধু ঢাকা মহানগরের নয়, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো ঢাকা বিভাগের শহরাঞ্চলের জন্যও প্রযোজ্য। শহর ও গ্রামকে সমান গুরুত্ব দেয়ার প্রস্তাবকে সিপিডি অযৌক্তিক বলেছে। কারণ কত শতাংশ শ্রমিক কোথায় থাকেন, সেই তথ্য নেই। তবে শ্রমিকসংখ্যা অনুযায়ী ভারিত গড়ের ধারণায় তারা একমত। রফতানির পরিমাণ দিয়ে গুরুত্ব নির্ধারণ যুক্তিসঙ্গত নয় বলে জানিয়ে সংস্থাটি বিজিএমইএর কাছে এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যার তথ্য চেয়েছে।
আবাসন ব্যয় দুবার গণনার অভিযোগ
বিজিএমইএর আশঙ্কা ছিল, খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যে আবাসন ব্যয় থাকায় আলাদা করে ১০ হাজার টাকা বাসাভাড়া যোগ করলে একই ব্যয় দুবার ধরা হয়। সিপিডি বলেছে, তারা খাদ্যবহির্ভূত ব্যয় থেকে ঘরভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাক বাদ দিয়েছে। উপস্থাপনার ২২ নম্বর সøাইডে অপরিহার্য ব্যয়ের তালিকায় কাপড়চোপড়, ইউটিলিটি, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা ও যোগাযোগ ছিল। কাজেই আবাসন ব্যয় দুবার ধরা হয়নি।
৯ শতাংশ ইনক্রিমেন্ট ও এন্ট্রি গ্রেড
২০২৪ সালের ডিসেম্বর থেকে বার্ষিক মজুরি বৃদ্ধি ৫ থেকে ৯ শতাংশ করাকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বললেও সিপিডি স্পষ্ট করেছে, ইনক্রিমেন্ট ও ন্যূনতম মজুরি এক নয়। ইনক্রিমেন্ট বিদ্যমান শ্রমিকের মজুরি বাড়ায়। আর ন্যূনতম মজুরি নতুন নিয়োগপ্রাপ্ত শ্রমিকের সর্বনিম্ন মজুরি, যা বর্তমানে সর্বনিম্ন গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা। শুধু এন্ট্রি গ্রেড নিয়ে হিসাবের প্রসঙ্গে সংস্থাটি বলেছে, অন্য গ্রেডের মজুরি গুরুত্বহীন নয়। তবে দক্ষতা, দায়িত্ব ও উৎপাদনশীলতার পর্যাপ্ত তথ্য ছাড়া প্রতিটি গ্রেডের আলাদা অঙ্ক প্রস্তাব করা অনুমাননির্ভর হতো।
সিপিডির ৩ অবস্থান
চিঠির শেষে সিপিডি তিনটি অবস্থান তুলে ধরেছে। প্রথমত, শ্রমিক ও কারখানা উভয় পক্ষের বৈজ্ঞানিক নমুনাভিত্তিক বড় জরিপের মাধ্যমে হালনাগাদ তথ্যের ভিত্তিতে শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারার মানদণ্ড মেনে মজুরি নির্ধারণ হওয়া উচিত। দ্বিতীয়ত, সিপিডি মজুরি বৃদ্ধির পক্ষে, তবে ভাঙচুর, সহিংসতা বা অস্থিরতা কোনোভাবেই সমর্থন করে না। তৃতীয়ত, মজুরি বোর্ড শ্রমিকের চাহিদা ও অর্থনৈতিক বাস্তবতা দুটোই বিবেচনা করবে বলে আশা করে সংস্থাটি। তবে জ্বালানি সঙ্কট, উচ্চ সুদহার বা দুর্নীতির মতো শাসনগত সমস্যার দায় শ্রমিকের মজুরি কম রেখে তাদের ওপর চাপানো ঠিক নয় বলে মনে করে তারা। সিপিডি জানিয়েছে, তাদের দেয়া হিসাব নির্দেশক ও আনুমানিক, কোনো চূড়ান্ত অঙ্ক নয়। ভবিষ্যতেও বিজিএমইএ, শ্রমিক সংগঠন ও অন্যান্য অংশীজনের সাথে তথ্যভিত্তিক সংলাপে আগ্রহী তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









