শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা
ads

  • আশুলিয়ায় এখনো অস্থিরতা
  • ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার ঝুঁকি

দেশের তৈরী পোশাকশিল্পে শ্রমিক-মালিক বিরোধের প্রভাব কাটতে শুরু করলেও উৎপাদনব্যবস্থা এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি। গাজীপুরের শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় কাজ শুরু হয়েছে; কিন্তু সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় কর্মবিরতি, কারখানায় ছুটি ঘোষণা এবং শ্রমিকদের বিক্ষোভের ঘটনা পরিস্থিতিকে অনিশ্চিত করে রেখেছে। মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি হওয়া এই অস্থিরতার আর্থিক চাপ পড়ছে উৎপাদক, শ্রমিক ও রফতানিকারকসহ সব পক্ষের ওপর। এ দিকে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে- কয়েক দিনের শ্রমিক আন্দোলনে গার্মেন্ট খাতে ক্ষতির পরিমাণ পাঁচ হাজার কোটি টাকায় পৌঁছেছে। একই সাথে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও ভবিষ্যৎ ক্রয়াদেশ নিয়েও উদ্বেগ বাড়ছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, শিল্পাঞ্চলগুলোর সাম্প্রতিক চিত্রে অস্থিরতার পরিধি স্পষ্ট হয়ে উঠছে। গত বুধবার প্রায় ৪০০টি পোশাককারখানায় উৎপাদন বন্ধ ছিল। পরদিন বৃহস্পতিবারও ৩৪১টি কারখানায় কাজ হয়নি। এর মধ্যে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় ১৯৪টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়, যার ১২২টিই গাজীপুরে। অন্য ১৪৭টি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। তবে শনিবার গাজীপুরে উৎপাদন পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়। সংশ্লিষ্টরা বলছেন, গতকাল (রোববার) শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ কারখানা চালু ছিল। বিপরীতে সাভার ও আশুলিয়ায় অন্তত শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হয়েও কাজে যোগ দেননি।
সংশ্লিষ্টরা বলছেন, গার্মেন্ট খাতে অস্থিরতার কেন্দ্রে রয়েছে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের বিষয়। এ দিকে শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও বাসাভাড়াসহ জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, বর্তমান মজুরি দিয়ে তা সামাল দেয়া কঠিন। নতুন মজুরি কাঠামো নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠক পিছিয়ে যাওয়ায়। গত ১৬ নভেম্বর বৈঠকটি হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে আজ (২৩ নভেম্বর) নির্ধারণ করা হয়েছে। সংশোধিত শ্রম আইন অনুযায়ী তিন বছর পরপর মজুরি পর্যালোচনার বিধান রয়েছে। নতুন কাঠামো ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর করার প্রত্যাশা থাকলেও মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে এখনো সমঝোতা হয়নি।
এ দিকে শ্রমিকনেতারা বলছেন, কাজ বন্ধ থাকলে শ্রমিকদের আয়ও অনিশ্চিত হয়ে পড়ে। বিশেষ করে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শ্রমিকদের মজুরি না পাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন চললেও কর্মস্থল বন্ধ হয়ে গেলে তার তাৎক্ষণিক আর্থিক বোঝা শ্রমিকদের ওপরই পড়ে। 
এ দিকে গাজীপুর অঞ্চলে শিল্পকারখানাগুলোতে উৎপাদন বাড়লেও আশুলিয়ার কয়েকটি এলাকায় বিরোধের নতুন কারণ তৈরি হয়েছে কর্মঘণ্টা নিয়ে। নরসিংহপুরে একটি কারখানায় সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজ শুরুর সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। তারা কারখানায় প্রবেশ করে হাজিরা কার্ড পাঞ্চ করলেও উৎপাদনে অংশ নেননি। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। আশপাশের কয়েকটি কারখানাতেও একই ধরনের পরিস্থিতি দেখা দেয়। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ ছিল এবং দু’টি প্রতিষ্ঠানে নোটিশ দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে কর্মবিরতির কারণে আরো কয়েকটি কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
উৎপাদন বন্ধের আর্থিক ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটির পক্ষ থেকে চলমান পরিস্থিতিতে পোশাক খাতে ক্ষতির পরিমাণ বলা হয় প্রায় চার হাজার কোটি টাকা। প্রতিদিন উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় ২০০ থেকে ২২০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে চলোমান সঙ্কট কেবল পোশাককারখানার মধ্যে সীমাবদ্ধ থাকছে না; পণ্য পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস ও সংশ্লিষ্ট সেবা খাতেও এর প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের ক্রয়াদেশ পাওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় দেশের শিল্পাঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা দুর্বল হতে পারে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান নয়া দিগন্তকে বলেন, রফতানিকারকদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারা। ক্রেতার সাথে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে পণ্য পাঠানো সম্ভব না হলে মূল্যছাড়, জরিমানা কিংবা বিকল্প পরিবহনের অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। দ্রুত পণ্য পৌঁছাতে অনেক ক্ষেত্রে আকাশপথে চালান পাঠানোর প্রয়োজন হতে পারে, যা সমুদ্রপথের তুলনায় অনেক ব্যয়বহুল। অথচ কারখানা বন্ধ থাকলেও উদ্যোক্তাদের ব্যাংক-ঋণের সুদ, বিদ্যুৎ ও গ্যাসের নির্ধারিত বিল, প্রশাসনিক ব্যয় এবং নিরাপত্তা খরচ বহন করতে হয়। 
তিনি বলেন, প্রতিদিন উৎপাদন বন্ধ থাকায় রফতানি কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের দায় পরিশোধের সক্ষমতাও চাপে পড়ছে। ক্রেতারা বাংলাদেশের উৎপাদন পরিস্থিতি ও নতুন মজুরি কাঠামো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিদের সাথে আলোচনায় সরবরাহের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। ক্রেতাদের কাছে শুধু পণ্যের দাম নয়, নির্ধারিত সময়ে অর্ডার সরবরাহের নিশ্চয়তাও গুরুত্বপূর্ণ।
ইউরোপীয় ইউনিয়নভিত্তিক একটি পোশাক ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশের শ্রম পরিস্থিতি ও শিল্পের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নয়া দিগন্তকে বলেন, আগে সাধারণত পাঁচ বছর পরপর মজুরি নিয়ে এ ধরনের অসন্তোষ দেখা গেলেও এবার তিন বছরের ব্যবধানে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। মজুরি বোর্ডের বৈঠক পিছিয়ে যাওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করছে। ওই ব্র্যান্ড এখনো বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেয়নি বলে তিনি জানিয়েছেন। তবে কিছু ক্রেতা বিকল্প দেশে উৎপাদনের উদ্যোগ নিচ্ছেন। তার পরামর্শ, দ্রুত মজুরি কাঠামো চূড়ান্ত করার পাশাপাশি কম মুনাফার বিপুল উৎপাদননির্ভর ব্যবসার পরিবর্তে বেশি মূল্য সংযোজন হয়- এমন পণ্য ও ক্রেতার দিকে নজর দেয়া প্রয়োজন।
এ দিকে শ্রমিক প্রতিনিধিরা বলছেন, মজুরি বৃদ্ধির বিষয়ে মালিকপক্ষের স্পষ্ট অবস্থান না থাকায় অসন্তোষের মূলে থাকা অনিশ্চয়তা কাটছে না। বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন নয়া দিগন্তকে বলেন, ১ ডিসেম্বর থেকে মজুরি বাড়তে পারে- এমন প্রত্যাশায় অনেক শ্রমিক কাজে ফিরেছেন; কিন্তু বাস্তবসম্মত প্রস্তাব না আসায় তাদের মধ্যে সংশয় রয়েছে। তিনি বলেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সামনে কী ঘটবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 
ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছে। অন্য দিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের সুপারিশ করেছে। সিপিডির প্রস্তাবের হিসাব ও ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির দাবি, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে, অথচ রফতানি পণ্যের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ব্যাংক-ঋণের সুদহার ১২ থেকে ১৬ শতাংশে উঠেছে এবং রফতানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। বিজিএমইএ বলছে, গত তিন বছরে ২৮৭টি পোশাককারখানা বন্ধ হয়েছে। এসব চাপ বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের পক্ষে মালিকপক্ষ।
সংশ্লিষ্টরা বলছেন, পোশাকশিল্পের এই অস্থিরতা কেবল কয়েক দিনের উৎপাদনহানি কিংবা কয়েক হাজার কোটি টাকার ক্ষতির হিসাব নয়; এর সাথে যুক্ত দেশের বৈদেশিক মুদ্রা আয়, লাখ লাখ শ্রমিকের জীবিকা, উদ্যোক্তাদের বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান। গাজীপুরে কারখানা সচল হওয়ার প্রবণতা স্বস্তির ইঙ্গিত দিলেও আশুলিয়ার পরিস্থিতি দেখাচ্ছে, মূল বিরোধের নিষ্পত্তি এখনো বাকি। মজুরি নিয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত, শ্রমিক-মালিকের কার্যকর সংলাপ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা না গেলে সাময়িক অচলাবস্থা রফতানিশিল্পের জন্য আরো বড় সঙ্কটে পরিণত হতে পারে বলে তারা মনে করছেন।