জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট অঙ্গীকার ছাড়াই চূড়ান্ত খসড়া
ads

  • অভিযোজন অর্থায়নে ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্য বাদ
  • মুখোমুখি ইউরোপীয় ইউনিয়ন ও তেল উৎপাদনকারী দেশগুলো

দুই সপ্তাহের আলোচনা, নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৪৪ ঘণ্টারও বেশি দর-কষাকষি এবং শেষ মুহূর্তে তিন দফা খসড়া সংশোধন- কোনো কিছুতেই শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট অঙ্গীকার, উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে গভীর মতপার্থক্যের কারণে কোনো চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এ সম্মেলন।
গত শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও মতবিরোধের কারণে তা নির্ধারিত সময়ে শেষ হয়নি। গত শনিবারও আলোচনা অব্যাহত থাকে। এরপর গতকাল রোববার পর্যন্ত চলে দফায় দফায় আলোচনা ও শেষ মুহূর্তের সমঝোতার চেষ্টা। সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুমের একের পর এক উদ্যোগ সত্ত্বেও সমাধান আসেনি।
সম্মেলনের সর্বশেষ খসড়া ‘আনতালিয়া প্যাক্ট’ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পানামাসহ কয়েকটি দেশ আনুষ্ঠানিক আপত্তি জানানোয় তা গৃহীত হয়নি। সমাপনী অধিবেশনে সভাপতি মুরাত কুরুম জানান, প্রস্তাবিত সিদ্ধান্তের বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
কপ৩১-এর এই অচলাবস্থা আবারো স্পষ্ট করেছে, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে বিশ্বনেতাদের উদ্বেগ থাকলেও এর দায়, অর্থনৈতিক ব্যয় এবং জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে দেশগুলোর স্বার্থ পরস্পরবিরোধী। একদিকে ইউরোপীয় ইউনিয়ন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার স্পষ্ট পথনকশা চাইছে। অন্য দিকে রাশিয়া ও সৌদি আরবের মতো জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এ ধরনের অঙ্গীকারের বিরোধিতা করছে। আর বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় কার্যকর সহায়তার প্রত্যাশাও পূরণ হয়নি।
তিন দফা খসড়া, তবু ঐকমত্য নয়
সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতিমণ্ডলী তিন দফায় খসড়া সিদ্ধান্ত প্রকাশ করে। প্রথম খসড়ায় ১৪৪টি অনুচ্ছেদ থাকলেও দ্বিতীয় খসড়ায় তা কমিয়ে ৮০টি করা হয়। পরে গতকাল রোববার তুরস্কের স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে প্রকাশিত তৃতীয় খসড়ায় অনুচ্ছেদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৪। ১০ পৃষ্ঠার এই প্রস্তাবটিকেই চূড়ান্ত সমঝোতার ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে আলোচনা করে খসড়ার ভাষা সংশোধন করা হয়। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, পানামাসহ কয়েকটি দেশ আপত্তি প্রত্যাহার না করায় ‘আনতালিয়া প্যাক্ট’ গ্রহণ করা সম্ভব হয়নি।
জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণত সদস্য দেশগুলোর ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়। ফলে অধিকাংশ দেশ সমর্থন করলেও কয়েকটি দেশের আনুষ্ঠানিক আপত্তি সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে।
মুখোমুখি ইইউ ও তেল উৎপাদনকারী দেশ
সম্মেলনের সবচেয়ে বড় বিরোধ তৈরি হয় জীবাশ্ম জ্বালানি নিয়ে। সর্বশেষ খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের নাম কিংবা এসব জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসার কোনো সরাসরি অঙ্গীকার রাখা হয়নি। অথচ ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮-এর প্রথম বৈশ্বিক পর্যালোচনায় জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায্য, সুশৃঙ্খল ও সমতাভিত্তিকভাবে সরে আসার আহ্বান জানানো হয়েছিল। কপ৩১-এর প্রাথমিক খসড়াতেও সেই অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টি পুনর্ব্যক্ত করার পাশাপাশি দ্রুত জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার প্রস্তাব ছিল। কিন্তু পরবর্তী সংশোধনগুলোতে সরাসরি জীবাশ্ম জ্বালানির উল্লেখ বাদ পড়ে যায়। বাস্তবায়নের সময়সীমা কিংবা সুনির্দিষ্ট পথনকশাও রাখা হয়নি।
ইউরোপীয় ইউনিয়ন এ অবস্থানের তীব্র বিরোধিতা করে। জোটটির পক্ষে আয়ারল্যান্ডের জলবায়ু, জ্বালানি ও পরিবেশমন্ত্রী ড্যারাগ ও’ব্রায়েন বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি। অথচ সেটির সরাসরি উল্লেখ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না। ইইউর জলবায়ুবিষয়ক কমিশনার ভোপকে হুক্সট্রার অবস্থান ছিল আরো কঠোর। তার বক্তব্য, খারাপ চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়াই ভালো।
যুক্তরাজ্য, নরওয়ে ও ডেনমার্কও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট অঙ্গীকারের পক্ষে অবস্থান নেয়। যুক্তরাজ্যের প্রধান জলবায়ু আলোচক কেট হিউজেস বলেন, প্রস্তাবিত খসড়া জলবায়ু সঙ্কটের ভয়াবহতা ও বৈজ্ঞানিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। নরওয়ের জলবায়ুমন্ত্রী সিগুরুণ তেরজেল আসল্যান্ডের মতে, প্রস্তাবটি আগের আন্তর্জাতিক অঙ্গীকার থেকে পিছিয়ে যাওয়ার শামিল।
অন্য দিকে রাশিয়া জীবাশ্ম জ্বালানিসংক্রান্ত কোনো ভাষা অন্তর্ভুক্তির বিরোধিতা করে। দেশটির প্রতিনিধি সের্গেই কোনোভালভের যুক্তি, তেল ও গ্যাসের সরবরাহ দ্রুত কমানো হলে জ্বালানির ঘাটতি, মূল্যবৃদ্ধি ও জ্বালানি দারিদ্র্য তৈরি হতে পারে। সৌদি আরবও জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে নির্দিষ্ট কোনো প্রযুক্তি বা সমাধান চাপিয়ে দেয়ার বিরোধিতা করে। তাদের বক্তব্য, জলবায়ু পরিবর্তন মোকবেলায় সব ধরনের প্রযুক্তি ও সমাধান বিবেচনায় রাখতে হবে।
জীবাশ্ম জ্বালানির বিষয়ে কঠোর অবস্থান নেয় পানামা। দেশটির পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো প্রস্তাবিত আলোচনাকে ‘পেট্রোলিয়াম মাফিয়ার’ হাতে জিম্মি হওয়ার সাথে তুলনা করেন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু ও মার্শাল দ্বীপপুঞ্জও খসড়ার কঠোর সমালোচনা করে।
স্বল্পোন্নত দেশগুলোর জোটও (এলডিসি গ্রুপ) হতাশা প্রকাশ করে। আফ্রিকান গ্রুপ অব নেগোশিয়েটর্সের সভাপতি ঘানার প্রতিনিধি আন্তি-বোয়ামসিয়াকো আমোয়াহ অভিযোগ করেন, ৫৪টি দেশের অবস্থান যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
অভিযোজন অর্থায়নে ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্য বাদ
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি জলবায়ু অর্থায়ন নিয়েও উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বড় বিরোধ দেখা দেয়। উন্নয়নশীল দেশগুলো ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানিয়ে আসছিল। আগের খসড়াগুলোতে অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর প্রস্তাবও ছিল। কিন্তু সর্বশেষ খসড়া থেকে ১২০ বিলিয়ন ডলারের নির্দিষ্ট অঙ্কটি বাদ দেয়া হয়। অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর সাধারণ লক্ষ্য থাকলেও কোন ভিত্তিবছরের তুলনায় তা হিসাব করা হবে, অর্থের উৎস কী হবে এবং কিভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে পৌঁছানো হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল না।
উন্নয়নশীল দেশগুলোর দাবি, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী উন্নত দেশগুলোকেই অর্থায়নের প্রধান দায়িত্ব নিতে হবে। বিশেষ করে অনুদান ও সহজ শর্তের অর্থায়ন নিশ্চিত করতে হবে। অন্য দিকে উন্নত দেশগুলো সরকারি অর্থের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও অন্যান্য উৎস থেকেও অর্থ সংগ্রহের ওপর গুরুত্ব দেয়। ক্ষয়ক্ষতি মোকাবেলার তহবিলের জন্যও নতুন কোনো নির্দিষ্ট অর্থায়নের প্রতিশ্রুতি যুক্ত হয়নি।
প্রযুক্তিগত উচ্চাকাক্সক্ষা, কিন্তু জ্বালানি রূপান্তরে অস্পষ্টতা
সর্বশেষ খসড়ায় কার্বন আহরণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তির (সিসিইউএস) সম্প্রসারণে গুরুত্ব দেয়া হয়। ২০৩৫ সালের মধ্যে এ প্রযুক্তির বৈশ্বিক সক্ষমতা প্রায় এক গিগাটন বা ১০০ কোটি মেট্রিক টনে উন্নীত করার আকাক্সক্ষা রাখা হয়।
একই সাথে তুরস্কের প্রস্তাবিত ‘৩৫ বাই ৩৫’ বিদ্যুতায়ন লক্ষ্যও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার কথা বলা হয়।
তবে বাড়তি বিদ্যুতের কতটা নবায়নযোগ্য উৎস থেকে আসবে, সে বিষয়ে স্পষ্ট শর্ত ছিল না। ফলে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েও এ লক্ষ্য পূরণের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের উদ্বেগ, কার্বন আহরণ ও অপসারণ প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা সরাসরি নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তাকে আড়াল করতে পারে।
সম্মেলনের শেষ অধিবেশনেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল অধিবেশনের কার্যক্রম নিয়ে পরামর্শ দিতে চাইলে সভাপতি মুরাত কুরুম তাকে বসতে বলেন। এতে অধিবেশনের উত্তেজনা আরো বাড়ে। শেষ পর্যন্ত সভাপতি স্বীকার করেন, কয়েকটি দেশ প্রস্তাবিত খসড়ার বিরোধিতা করছে এবং ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য হতাশার বার্তা
বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য কপ৩১-এর অমীমাংসিত বিষয়গুলো বিশেষ উদ্বেগের। উপকূলীয় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, বন্যা ও অনিয়মিত বৃষ্টিপাত মোকাবেলায় বাংলাদেশের দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থ প্রয়োজন।
অভিযোজন অর্থায়নের পরিমাণ ও উৎস সম্পর্কে নতুন কোনো নিশ্চয়তা না আসায় উপকূলীয় বাঁধ, সাইক্লোন শেল্টার, জলবায়ু সহনশীল কৃষি, সুপেয় পানির ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ সংগ্রহের অনিশ্চয়তা বাড়তে পারে। একই সাথে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার বিষয়টিও অনিশ্চিত রয়ে গেছে।
ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ক্যানসা) বা ইউনাইটেড গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, কপ৩১-এর অচলাবস্থা দেখিয়ে দিয়েছে, জলবায়ু সঙ্কটের ভয়াবহতা সবাই স্বীকার করলেও দায় ও দায়িত্ব ভাগাভাগির প্রশ্নে দেশগুলোর মধ্যে গভীর ব্যবধান রয়ে গেছে। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট পথনকশা এবং অভিযোজনের জন্য পর্যাপ্ত অর্থায়ন ছাড়া জলবায়ু প্রতিশ্রুতির বাস্তব মূল্য থাকে না।
অংশগ্রহণের দিক থেকে কপ৩১ ছিল বড় পরিসরের সম্মেলন। প্রাথমিক নিবন্ধন অনুযায়ী, মোট নিবন্ধিত অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৯৬ হাজার ২৬৯। এর মধ্যে সরাসরি অংশগ্রহণের জন্য ৯২ হাজার ৯৩৪ জন এবং অনলাইনে ৩ হাজার ৩৩৫ জন নিবন্ধিত হন। সরকারি প্রতিনিধির সংখ্যা ছিল ৩৪ হাজার ৮০৯। এ ছাড়া পর্যবেক্ষক সংস্থার ১৫ হাজার ৩৫৫ জন, গণমাধ্যমের ৩ হাজার ৬৪৫ জন এবং আয়োজক তুরস্কের অতিথি হিসেবে ১৪ হাজার ২৮৫ জন নিবন্ধিত হন।
সামনে কপ৩২, অমীমাংসিত প্রশ্নের বোঝা
কপ৩১-এর ব্যর্থতা প্যারিস চুক্তি কিংবা আগের সম্মেলনগুলোর সিদ্ধান্ত বাতিল করেনি। তবে নতুন কোনো সামগ্রিক রাজনৈতিক সমঝোতা না হওয়ায় আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে আস্থার সঙ্কট আরো স্পষ্ট হয়েছে।
২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় পরবর্তী জলবায়ু সম্মেলন কপ৩২ অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে কপ৩১-এর অমীমাংসিত বিষয়গুলো সেখানে নতুন করে আলোচনায় আসবে।