
কক্সবাজার অফিস
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে আনা বিপুল পরিমাণ বিস্ফোরক, আইইডি তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সঙ্ঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি। এ ঘটনায় দু’টি অটোরিকশার চালককে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
গত শনিবার (২১ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। গতকাল রোববার দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদর্শ গ্রাম এলাকায় সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক দু’টি অটোরিকশা থেকে বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ১০৩টি আইইডি তৈরির খালি ধাতব কৌটা, তিন কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, তিন কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন ধরনের বিস্ফোরক দানা, আটটি কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, ১১ কেজির বেশি স্টিলের বল, প্রায় তিন কেজি পেরেক এবং উন্নতমানের টুলস বক্স। এ ছাড়া একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
আটক দু’জন হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। তারা দু’জনই অটোরিকশাচালক। বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দু’জন দু’টি অটোরিকশায় করে অস্ত্র ও বিস্ফোরক পরিবহন করছিলেন। তাদের সাথে একটি মোটরসাইকেলে আরো তিন ব্যক্তি ছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে সেটি জব্দ করা হয়।
পলাতক তিনজনের পরিচয় নিয়ে রহস্য
অভিযানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তির পরিচয় ও তাদের ভূমিকা। তারা কি বিস্ফোরক চালানের মূল নিয়ন্ত্রক, নাকি সঙ্ঘবদ্ধ কোনো চক্রের সদস্য- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের সাথে আটক দুই অটোরিকশাচালকের সম্পর্ক এবং চালান পরিবহনে তাদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।
একই সাথে কার নির্দেশে এবং কোথা থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক আনা হয়েছে, দেশের কোথায় সেগুলো পৌঁছে দেয়ার পরিকল্পনা ছিল, তা উদঘাটন জরুরি। পলাতক তিনজনকে শনাক্ত ও গ্রেফতার করা গেলে চালানের নেপথ্যের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।
নাশকতার আশঙ্কা, রাজনৈতিক যোগসূত্রের তথ্য নেই
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। বিজিবি অধিনায়কের বক্তব্য অনুযায়ী, দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সঙ্ঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো রাজনৈতিক দল, সংগঠন কিংবা নির্দিষ্ট গোষ্ঠীর সাথে এই চালানের সরাসরি সম্পৃক্ততার তথ্য এখনো প্রকাশ করেনি বিজিবি। ফলে রাজনৈতিক পরিস্থিতির সাথে এ ঘটনার কোনো প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে।
সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন
টেকনাফ সীমান্ত দিয়ে কিভাবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দেশে প্রবেশ করল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সীমান্তের কোন পথ ব্যবহার করা হয়েছে, কারা চালানটি সংগ্রহ করেছে এবং দেশের ভেতরে এর গন্তব্য কোথায় ছিল- এসব বিষয় তদন্তের আওতায় আনা প্রয়োজন।
বিশেষ করে আইইডি তৈরির বিপুল সরঞ্জাম ও বিস্ফোরক একসাথে উদ্ধারের ঘটনা সাধারণ অস্ত্রপাচারের চেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে। এসব সরঞ্জাম দিয়ে কী ধরনের বিস্ফোরক তৈরির পরিকল্পনা ছিল এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু কী ছিল, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকের উৎস, চালানের গন্তব্য এবং এর সাথে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









