সৌরমণ্ডলের শেষ প্রান্তে বিশাল বরফের ভাণ্ডার
সৌরমণ্ডলের শেষ প্রান্তে বিশাল বরফের ভাণ্ডার।
ads

নয়া দিগন্ত ডেস্ক
সৌরমণ্ডলের প্রান্তে নেপচুনেরও বহু দূরে রয়েছে বিশাল এক বরফের ভাণ্ডার। এমন ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর থেকে সংগ্রহ করা মাত্র ১২টি মহাজাগতিক ধূলিকণা বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছেন গবেষকেরা।
বিজ্ঞানীদের ধারণা, সৌরমণ্ডল সৃষ্টির সময় জল ও অন্যান্য উপাদান কিভাবে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, তার গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রয়েছে এসব ধূলিকণায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ।
গবেষণার জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চস্তর থেকে নাসার ইআর-২ গবেষক বিমানের সাহায্যে ১২টি ক্ষুদ্র ধূলিকণা সংগ্রহ করা হয়। পরে সেগুলোতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান পরীক্ষা করেন বিজ্ঞানীরা। কণাগুলোর রাসায়নিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তারা ধারণা করেন, এগুলোর উৎস সৌরমণ্ডলের বাইরের অংশে অবস্থিত কুইপার বেল্ট।
নেপচুন গ্রহের কক্ষপথের বাইরে বরফ ও পাথুরে বস্তুতে পরিপূর্ণ বিস্তীর্ণ অঞ্চলকে কুইপার বেল্ট বলা হয়। বিজ্ঞানীদের ধারণা, এই অঞ্চলে সৌরমণ্ডল সৃষ্টির আদিকালের নানা উপাদান সংরক্ষিত রয়েছে।