
নয়া দিগন্ত ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি বনে নিখোঁজ হওয়া ৬৯ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার পোষা ‘ব্যাসেট হাউন্ড’ জাতের কুকুর ‘বেকি’ উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করায় এই অভিযান সম্ভব হয়। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে জানানো হয়েছে, স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ায় আক্রান্ত ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে বড় ভূমিকা রেখেছে তার পোষা কুকুরটি।
নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল কনজারভেশনের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে লেক প্লাসিডের হোয়াইটফেস মাউন্টেন লজে পৌঁছায় বেকি। ওই বৃদ্ধ আগেও নিখোঁজ হওয়ায় লজের কর্মীরা কুকুরটিকে চিনতে পারেন। মালিক আবারো হারিয়ে গেছেন বুঝতে পেরে তারা দ্রুত নিউ ইয়র্ক স্টেট পুলিশকে (এনওয়াইএসপি) খবর দেন।
এরপর ফরেস্ট রেঞ্জারদের (বনরক্ষী) সহায়তায় পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। এই অভিযানে ১৪ জন বনরক্ষী, এনওয়াইএসপি ও তাদের অ্যাভিয়েশন ইউনিটের চার সদস্য অংশ নেন। পাশাপাশি একটি ড্রোন ও প্রশিক্ষিত ব্লাডহাউন্ড কুকুর ব্যবহার করা হয়।
অভিযানের প্রধান বনরক্ষী চার্লি ফাউচ জানান, পুলিশ বনের প্রবেশপথের কাছে ওই বৃদ্ধের ট্রাকটি খুঁজে পায় এবং নদীর পাশের একটি পথে তল্লাশি চালায়। তখন এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে ২৫ থেকে ৩০ ডিগ্রি ফারেনহাইট। পরদিন ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টার দিকে একজন শিকারি কারো পড়ে যাওয়ার ও চিৎকারের শব্দ শুনতে পান।
কাছাকাছি থাকা এক বনরক্ষী দ্রুত সেখানে পৌঁছে দেখতে পান, বৃদ্ধকে উদ্ধারের জন্য হেলিকপ্টার প্রয়োজন। উদ্ধারের সময় তার পায়ে জুতা বা হাতে দস্তানা ছিল না। প্রচণ্ড ঠাণ্ডায় হাত ও পায়ে ফ্রস্টবাইট হলেও তিনি নড়াচড়া ও কথা বলতে পারছিলেন। পরে এনওয়াইএসপির হেলিকপ্টারে করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
মালিকের জীবন বাঁচানোর কৃতিত্ব পোষা কুকুর বেকিকে দিয়েছেন উদ্ধারকারী বনরক্ষী। পাশাপাশি পুরো অভিযানটিকে তিনি একটি সফল দলগত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









