২০২৭ সাল থেকে লেনদেন নিষ্পত্তির সময়সীমা কমছে
ads

অর্থনৈতিক প্রতিবেদক
পুঁজিবাজারে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে ‘টি+২’ থেকে ‘টি+১’ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী বছরের ৪ জানুয়ারি থেকে নতুন এ ব্যবস্থা কার্যকরের পরিকল্পনা নেয়া হয়েছে। এর ফলে শেয়ার কেনার পর পরবর্তী কর্মদিবসেই বিনিয়োগকারীর হিসাবে শেয়ার জমা হবে। একইভাবে শেয়ার বিক্রির অর্থও পাওয়া যাবে পরবর্তী কর্মদিবসে। ইতোমধ্যে এ বিষয়ে দুই স্টক এক্সচেঞ্জকে অবহিত করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। 
সম্প্রতি বিএসইসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান ছাড়াও কমিশনার নাফিজ আল তারিক ও হোসেন সাদাত, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ভারপ্রাপ্ত প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) শফিকুল ইসলাম ভূঁইয়াসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে লংকাবাংলা, সিটি ব্যাংক সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল, ইউসিবি ও আইডিএলসির প্রধান নির্বাহীরা সভায় অংশ নেন। এ ছাড়া বিদেশী বিনিয়োগকারীদের কাস্টডিয়ান সেবাদানকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, সিটিএনএ ও ব্যাংক অব সিলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বর্তমানে দেশের পুঁজিবাজারে শেয়ার লেনদেন নিষ্পত্তিতে ‘টি+২’ পদ্ধতি চালু রয়েছে। অর্থাৎ কোনো বিনিয়োগকারী যেদিন শেয়ার কেনেন, তার পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তি হয়। নতুন ‘টি+১’ পদ্ধতি কার্যকর হলে এ সময় কমে এক কর্মদিবসে নেমে আসবে। এতে বিনিয়োগকারীরা দ্রুত শেয়ার বিক্রি ও বিক্রির অর্থ বুঝে পাবেন। পাশাপাশি বাজারে অর্থ ও শেয়ারের ব্যবহারযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই পুঁজিবাজারের স্থবিরতা কাটাতে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার বিষয়ে তাগিদ দিয়ে আসছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। সংশ্লিষ্টদের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিএসইসিকে অবহিত করা হয়। বাজার সংশ্লিষ্টরা মনে করেন, নতুন ব্যবস্থা চালু হলে বাজারের লেনদেন কার্যক্রম আরো গতিশীল হবে। এতে বিনিয়োগকারীদের পাশাপাশি স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম এবং কমিশন আয় বাড়ার সুযোগ সৃষ্টি হবে।
তবে নতুন পদ্ধতি কার্যকরের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন, বাজার বিশ্লেষকরা। বিশেষ করে ব্যাংকের চেকের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ব্যবস্থা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। ফলে ব্রোকারেজ হাউজ ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রযুক্তিগত সক্ষমতা এবং সমন্বয় বাড়ানো প্রয়োজন হবে।
এ ছাড়া বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন নিষ্পত্তিও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করার পর নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার সরবরাহে জটিলতা সৃষ্টি হলে তা নিষ্পত্তির জন্য বিকল্প ব্যবস্থা প্রয়োজন হবে। এ ক্ষেত্রে ব্রোকারেজ হাউজগুলোর পক্ষ থেকে ‘শেয়ার লেন্ডিং অ্যান্ড বোরোয়িং’ ব্যবস্থার মাধ্যমে সাময়িকভাবে শেয়ার ধার নিয়ে লেনদেন নিষ্পত্তির প্রস্তাব দেয়া হয়েছে। তবে বাজার সংশ্লিষ্ট একটি অংশ মনে করেন, ‘টি+১’ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হলেও ঝুঁকি ব্যবস্থাপনাকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দেয়া হয়েছে। দ্রুত নিষ্পত্তির পাশাপাশি লেনদেন ব্যর্থ হওয়ার ঝুঁকি, অর্থের প্রাপ্যতা এবং শেয়ার সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলোও সমান গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।
সব মিলিয়ে নতুন এই ব্যবস্থা কার্যকর করতে দুই স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিগত উন্নয়ন এবং এর সাথে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনে এ বিষয়ে ধাপে ধাপে আগানো দরকার বলে মনে করেন তারা। 
এ দিকে পুঁজিবাজারের লেনদেনে টি+১ ট্রেডিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, সদস্য স্টক ব্রোকারদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে সংগঠনটি শেয়ার লেনদেনে টি+১ ট্রেডিং ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছিল। এ লক্ষ্যে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নে ডিবিএ সক্রিয় ভূমিকা পালন করেছে। এ প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, টি+১ ট্রেডিং চালু পুঁজিবাজারের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্টক ব্রোকার ও বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা। আমরা বিশ^াস করি, এ উদ্যোগের ফলে লেনদেনের গতি ও বাজারের তারল্য বৃদ্ধি পাবে এবং দেশী-বিদেশী বিনিয়োাগকারীদের অংশগ্রহণ আরো উৎসাহিত হবে। 
ডিবিএ মনে করে, টি+১ ট্রেডিং চালুর ফলে লেনদেন নিষ্পত্তির সময় কমবে, বিনিয়োগকারীরা দ্রুত অর্থ পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন এবং সামগ্রিকভাবে বাজারের তারল্য ও লেনদেন বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশী-বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়াসহ পুঁজিবাজারের প্রতি আস্থা জোরদার হবে। এ উদ্যোগ দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানের সাথে আরো সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে ডিবিএ আশাবাদী।
এ দিকে গতকাল দেশের পুঁজিবাজারে লেনদেন ও সূচকের বড় উল্লম্ফন ঘটেছে গতকাল। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই সূচকের বড় উন্নতি ঘটতে দেখা যায়। হঠাৎ করে বাজার আচরণের এ উন্নতির পেছনে অনেকেই নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক নেয়া লেনদেন নিষ্পত্তির সময়সীমা এগিয়ে আনাকেই মনে করছেন। কারণ এর মাধ্যমে সামনের দিনগুলোতে পুঁজিবাজার নতুন করে গতি ফিরে পেতে পারে এমন একটি ধারণা সৃষ্টি হচ্ছে। আর এরই প্রতিফলন হিসেবে গতকাল ঢাকা শেয়ারবাজারের লেনদেন সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ এক হাজার ২২০ কোটিতে পৌঁছে যায়। আগের দিন বাজারটির লেনদেন ছিল ৭৪৬ কোটি টাকা। 
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি গতকাল ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বৃদ্ধি পায়। ৫ হাজার ৫০৫ দশমিক ৬৩ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি রোববার দিনশেষে পৌঁছে যায় ৫ হাজার ৫৬৫ দশমিক ৫৯ পয়েন্টে। একই সময় বাজারটির দুই বিশেষায়িত সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ১৪ দশমিক ৫১ ও ১ দশমিক ৪৩ পয়েন্ট। অনুরূপভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচকের উন্নতি ঘটে ১৫৩ দশমিক ৬৭ পয়েন্ট। বাজারটির দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ৭৪ দশমিক ৭৯ ও ১০৯ দশমিক ৫৬ পয়েন্ট।