
ক্রীড়া প্রতিবেদক
এবারো পুরুষ এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলা হলো না বাংলাদেশের। পরশু রাতে সংযুক্ত আরব আমিরাতের মাঠে এই স্বপ্ন ভঙ্গ হওয়া লর্ড উইগ ডি ক্রুয়েফ বাহিনীর। ম্যাচে বাংলাদেশ যদি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততে পারতো এবং অপর ম্যাচে যদি ভুটানের কাছে পয়েন্ট হারাতো তাহলেই লাল-সবুজরা টিকিট কাটতো চূড়ান্ত পর্বের। তবে মাঠে নামার আগেই বাংলাদেশ দলের বিদায় নিশ্চিত হয়। কারণ দিনের প্রথম ম্যাচেই দুর্বল ভুটানের বিপক্ষে ১০-০ গোলের জয় পায় সিরিয়া। এতে বাংলাদেশের মতো স্বপ্ন ভঙ্গ হয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতেরও। আমিরাতের মতোই পয়েন্ট সমান ১০ ছিল সিরিয়ার। কিন্তু তারা বেশি গোল দিয়ে গোল পার্থক্যে এগিয়ে ছিল। এতেই কপাল পোড়ে আমিরাতের। অন্য দিকে বাংলাদেশ দলও পরের ম্যাচে জিততে পারেনি আমিরাতের বিপক্ষে। হেরেছে ০-২ গোলে।
বাংলাদেশ অবশ্য প্রথমার্ধে কোনো গোল হজম করেনি। তবে বিরতির পর দুই গোল খায়। বায়েজীদ বোস্তামি, মহিন আহমেদ, ইয়াসিন আরাফাতরা প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ১-৫ গোলে হারে। স্বপ্ন মোটামুটি তখনই শেষ হয়ে যায়। এরপর ভুটানকে ৪-০ এবং ম্যাকাওকে ১-০তে হারানোর পর আশা জেগেছিল। এ জন্য তাদের শেষ ম্যাচে জিততে হতো আমিরাতের বিপক্ষে। অন্য দিকে সিরিয়াকে ড্র করতে হতো ভুটানের সাথে। তবে কোনো রেজাল্টই বাংলাদেশ দলের পক্ষে যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









