আফগানদের ১৭৪ রানেই গুটিয়ে দিলো বোলাররা
ads

 ক্রীড়া প্রতিবেদক
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ১৭৪ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা। দলের পক্ষে রিপন মণ্ডল ৩টি, সাইফ হাসান, ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ রুবেল দু’টি করে উইকেট নেন। এ রিপোর্ট লেখা বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮৩ রান।
এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। আর অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে শুরুতেই আফগান শিবিরে আঘাত হানেন পেসার রিপন মণ্ডল। দলীয় ২৮ রানেই ওপেনার হাসান ইসাখিলকে হারায় তারা। এরপর ঘুরে দাঁড়ানোর আগেই ফের রিপন মণ্ডলের তোপে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ইমরান মীর। তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এবার আফগান শিবিরে আঘাত হানেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। দলীয় ৬৬ রানে তিনি আউট করেন আফগানিস্তানের আব্দুল রসুলকে। আর পাওয়ার-প্লেতে ২ উইকেট শিকারের পর, আবারো বোলিংয়ে এসে আফগানিস্তানের ব্যাটারদের নাভিশ্বাসের কারণ হয়ে উঠেন রিপন। দলীয় ৮৭ রানে রিপনের বলে আউট হন ফয়সাল খান। ফলে দলীয় শতরানের আগেই ৪ উইকেট হারায় আফগানিস্তান।
দলীয় ১০৮ রানে আফগানিস্তানের পঞ্চম উইকেট শিকার করেন স্পিনার রাকিবুল হাসান। আর বোলিংয়ে এসেই জোড়া শিকার করে আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন শেষ করে দেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। একপর্যায়ে স্কোরবোর্ডে ১২৭ রান তুলতেই মোট ৭ উইকেট হারায় আফগানরা। শেষদিকে রুবেল ও ইমনের বোলিং তোপে ১৭৪ রানেই অলআউট হয় আফগান সেনারা।