কুস্তি আর জুডোতে তাদের সমান তালে পদক
আনসারের মাসিনু মারমা ও সুক্রান্তি বিশ্বাস : নয়া দিগন্ত।
ads

রফিকুল হায়দার ফরহাদ
বাহিনীতে চাকরিরত বা ভাতাপ্রাপ্ত খেলোয়াড়দের দলের প্রয়োজনেই খেলতে হয় বিভিন্ন ডিসিপ্লিনে। বাংলাদেশ আনসারের এই  চাহিদা মেটাতেই এখন জুডো ও কুস্তির নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন মাসিনু মারমা ও সুক্রান্তি বিশ^াস। দুই ইভেন্টের তাদের একের পর এক স্বর্ণ জয়। এবারের জাতীয় কুস্তিতেই হয়নি ব্যতিক্রম। নারী বিভাগেই তারা নিজ দলকে এনে দিয়েছেন স্বর্ণ। এবার অবশ্য জাতীয় জুডোতে দলকে স্বর্ণ এনে দিতে পারেননি তারা। স্বর্ণের বদলে রৌপ্য ও ব্রোঞ্জ জয়। খাগড়াছড়ির মেয়ে মাসিনু। আর সুক্রান্তির গ্রামের বাড়ি মাগুরায়। মাসিনু এখন পর্যন্ত কুস্তিতে ২০টির মতো স্বর্ণপদক জিতেছেন। জুডোতেও তার প্রাপ্ত স্বর্ণের সংখ্যা ২০টি কাছাকাছি। সুক্রান্তি জানান, জুডোতে এ পর্যন্ত ১৫টি স্বর্ণ জেতা হয়েছে। আর কুস্তিুতে স্বর্ণপদক গলায় তুলেছেন ২০ বারের মতো।
দুইজনই প্রথম আনসারের হয়ে পদক জেতা জুডোতে। এই সার্ভিসেস দলে তাদের ভর্তি হওয়াটাও এক সাথে। ২০১৫ সালে। এরপর দলের প্রয়োজনে তাদের কুস্তিতে খেলা। সুক্রান্তি মাঝে উশুও খেলতেন। সেখানে তার পাঁচটি রৌপ্যপদক আছে। এখন অবশ্য উশু ছেড়ে দিয়েছেন সুক্রান্তি। জুডো দিয়েই জাতীয় পর্যায়ে খেলা শুরু। দুইজনের কাছে এখনো প্রিয় জুডো। তবে লক্ষ্যণীয় বিষয় হলো এখন পর্যন্ত কুস্তিতে কোনো ম্যাচেই হারেননি মাসিনু ও সুক্রান্তি। টানা স্বর্ণ জিতে আসছেন। যদিও এখনো তাদের প্রিয় ইভেন্ট জুডো। মাসিনু জানান, আমি ২০১৭ সাল থেকে কুস্তিতে অপরাজিত। এবারের জাতীয় জুডোতে অবশ্য তাদের স্বর্ণ জেতা হয়নি। দ্বিতীয় স্থান পেয়ে রৌপ্যতেই সন্তুষ্টি খুঁজতে হয়েছে। সুক্রান্তি অনূর্ধŸ ৬৩ কেজিতে বাংলাদেশ আনসারেরই উক্রই মারমার কাছে হেরে গেছেন স্বর্ণ জয়ের লড়াইয়ে। আর মাসিনু এবারের জাতীয় জুডোতে অনূর্ধŸ-৫৭ কেজিতে পেয়েছেন ব্রোঞ্জ পদক। দুইজনের মুখ থেকেই এক বাক্য, কুস্তিতে আমাদের এখন পর্যন্ত কেউই হারাতে পারেনি। তবে জুডোতে মাঝে মাঝে হারতে হয়। যদি আমার ও আমার প্রতিপক্ষের শক্তি বিশ বিশ হয়ে যায় তখন হারতে হয়। যেমনটা এবার হলো।
মাসিনু প্রথম ফুটবল খেলতেন। আনসারের কোচ সু হ্ল লা মংয়ের কাছে ফুটবল শেখেন। এরপর আনসারের জুডো কোচ জানে আলম তাকে জুডোতে নিয়ে আসেন। ২০১৫ সালে বিকেএসপি কাপে রৌপ্য জয় দিয়ে শুরু মাসিনুর। এরপর স্বর্ণ পদক গলায় তোলা তার। পরবর্তীতে কুস্তিতে আসা আনসারের প্রয়াত কুস্তি কোচ আলী জাহাঙ্গীরের হাত ধরে। ২০১৭ সালে সেই যে কুস্তিতে স্বর্ণ জেতা শুরু এখন পর্যন্ত অন্য কোনো প্রতিপক্ষ তাকে হারাতে পারেনি। মাসিনু জানান, প্রথমে আমি কুস্তির ৫৩ কেজি ওজন শ্রেণীতে খেলতাম। পরে ৫৫ ও ৫৭ কেজিতে লড়েছি। এবারের জাতীয় কুস্তিতে আমি ৫৫ কেজিতে স্বর্ণপদক জয় করেছি। আর জুডোতে ৫২ কেজি দিয়ে শুরু করলেও এখন ৫৭ কেজিতে পদকের লড়াই করছি। সুক্রান্তি জানান, ‘জুডোতে আমি ৫৭ কেজি দিয়ে শুরু করেছি। এখন ৫৯ কেজিতে লড়ছি।’ 
মাসিনু বাংলাদেশ দলে খেলেছেন। ২০১৯ সালের এস এ গেমসে তিনি জুডোতে অংশ নেন। সেখানে অবশ্য পদক জেতা হয়নি। পেয়েছেন পঞ্চম স্থান। তবে ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় তিনি ব্রোঞ্জ পদক জয় করেন।
সুক্রান্তির অবশ্য এখনও লাল-সবুজ পতাকা খচিত বাংলাদেশ দলের জার্সি গায়ে তোলা হয়নি। কুস্তি ক্যাম্পে ছিলেন কয়েক দফা। শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে তাকে।
কুস্তি ও জুডো একই সাথে খেলার কারণ উল্লেখ করে সুক্রান্তি ও মাসিনু জানান, দুই খেলারই টেকনিক প্রায় একই রকম। তাই দুই খেলাই খেলি। এ ছাড়া বাহিনীর প্রয়োজনও আছে। আমরা বাহিনীকে বেশি বেশি পদক দিতে চাই। এ ছাড়া দু’টি ডিসিপ্লিনেই খেলাটা বেশ উপভোগ করি।
 অবশ্য কুস্তির চেয়ে জুডোই বেশি প্রিয় দুইজনের কাছে। প্রথম কারণ হিসেবে উল্লেখ করলেন, জুডো দিয়ে ক্যারিয়ার শুরু করাটাকে। এরপর জানান, কুস্তির চেয়ে জুডো একটু ভদ্র খেলা। কুস্তির তুলনায় জুডোর পোশাক শালীন থাকে।
সুক্রান্তি হয়তো কুস্তি ও জুডোর সাথে উশু খেলাটাও চালিয়ে যেতেন। কিন্তু খেলাটা তাকে ছাড়তে হয়েছে। সুক্রান্তিরা ছিলেন এক ভাই ও বোন। একবার উশু খেলতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন মাগুরা থেকে ফোন আসে তাই একমাত্র ভাইটি অসুস্থ। ফলে খেলা রেখে চলে যান বাড়িতে। কিন্তু বাড়ি গিয়ে দেখেন তার ভাইটি আর দুনিয়ায় নেই। তার বাড়ি পৌঁছার আগেই পরপারে চলে গেছে।