
ক্রীড়া প্রতিবেদক
দু’জন অন্ধ দাবাড়ুর বিদেশের মাটিতে প্রথমবার খেলতে যাওয়ার গল্প নয়। এটি অদম্য ইচ্ছাশক্তি, আত্মমর্যাদা আর সুযোগের অপেক্ষায় থাকা হাজারো মানুষের স্বপ্নের গল্প। পৃথিবীর আলো দেখার সৌভাগ্য তাদের জীবনে কেড়ে নিয়েছে দুর্ঘটনা। ছোটবেলায় চোখের দৃষ্টি হারিয়েছেন আবিদ হোসেন ও মনির রানা। কিন্তু হার মানেননি জীবনের কাছে। অন্ধকারকে সঙ্গী করেই খুঁজে নিয়েছেন আলোর পথ। একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণায়, অন্যজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। দু’জনেরই আরেকটি পরিচয়-দাবার বোর্ডে তারা লড়াকু সৈনিক।
দেশের দাবাঙ্গনে পরিচিত মুখ হলেও এত দিন আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধরার সুযোগ হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান। বাংলাদেশ ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশনের (বিবিএসএফ) উদ্যোগে পাকিস্তানের করাচিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া আইবিসিএ এশিয়া কাপ ২০২৬ আন্তর্জাতিক ব্লাইন্ড দাবা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তারা।
আনন্দে আপ্লুত দু’জনই। তবে তাদের এই যাত্রা কেবল পদক জয়ের স্বপ্নে সীমাবদ্ধ নয়; এর সাথে জড়িয়ে আছে আরো বড় এক প্রত্যয়-প্রতিবন্ধিতা কারো অযোগ্যতার পরিচয় নয়, তারা সমাজের বোঝাও নন। প্রয়োজন শুধু একটু সুযোগ, একটু সহযোগিতা আর নিজেদের প্রমাণ করার একটি মঞ্চ। আবিদ ও মনির সেই মঞ্চেই প্রমাণ করতে চান, চোখে দেখতে না পেলেও স্বপ্ন দেখা যায়, স্বপ্নের পথে এগিয়ে যাওয়া যায়, জয় করা যায় পৃথিবীও।
২২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পাকিস্তানের করাচিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইবিসিএ এশিয়া কাপ আন্তর্জাতিক ব্লাইন্ড দাবা প্রতিযোগিতা। অংশ নিচ্ছে এশিয়ার মোট ১০টি দেশ। বাংলাদেশ, ইরান, সৌদি আরব, থাইল্যান্ড, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, ফিলিপাইন ও স্বাগতিক পাকিস্তান। অংশ নিচ্ছে চার সদস্যের একটি প্রতিনিধিদল। দলে রয়েছেন দুই ব্লাইন্ড দাবাড়ু আবিদ হোসেন ও মো: মনির রানা। সাথে দুই কর্মকর্তা বিবিএসএফের সভাপতি এম এম রনক ও সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ। গত রাতে দলটি পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।
গতকাল ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বাংলাদেশ ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশনের সভাপতি এম এম রণক, সেক্রেটারি সানোয়ার আহমেদ। আরো উপস্থিত ছিলেন বিবিএসএফের ডিরেক্টর অব ফিন্যান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মাহমুদুল হক রনি।
সভাপতি রণক বলেন, এটি অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় যে, ফেডারেশনটি প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের কোনো ব্লাইন্ড দাবা প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ুরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা, দক্ষতা, অধ্যবসায় ও ক্রীড়া নৈপুণ্য তুলে ধরার সুযোগ পাবেন। ব্লাইন্ডদের নিয়ে অন্য ডিসিপ্লিনেও কাজ করতে চাই। ছোট্ট পদক্ষেপ দিয়েই বড় কিছুর যাত্রা শুরু হয়।
সাধারণ সম্পাদক সানোয়ার জানান, পাঁচ রাউন্ডের খেলা হবে। এই দলটি নিয়ে কয়েক দিনের অনুশীলন হয়েছে। যেহেতু প্রথমবারের মতো বিদেশে খেলতে যাচ্ছে, সেহেতু আমাদের চাওয়া তেমন বড় নয়। তবে বাংলাদেশের মান রাখবে বলে আমাদের বিশ্বাস।
শরীয়তপুরের ব্লাইন্ড দাবাড়ু মনির রানা জানালেন, ‘আশা করছি ভালো কিছুই হবে। এর আগে কখনো দেশের বাইরে গিয়ে না খেললেও দেশের মাটিতে খেলার অনেক অভিজ্ঞতা আছে। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না আর ভাবার অবকাশও নেই। কারণ প্রতিপক্ষকে তো দেখার সুযোগ নেই। যতটুকু অনুমান করা যায়। তারাও না দেখে চাল দিবে, আমিও চাল দেবো। আশা করছি দেশের পতাকার মান রাখতে পারব।’
আরেক প্রতিযোগী আবিদ হোসেন স্বপ্ন দেখছেন আরো বড়। ‘যারা আমাদেরকে বিদেশে খেলতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। প্রতিবন্ধীদের বাধা না দিয়ে সুযোগ করে দেয়া উচিত। তারাও অবদান রাখতে পারে দেশে-বিদেশে। এ বিশ্বাসটুকু রাখতে হবে। আমরাও বোঝা না হয়ে, সফল হতে পারি, এটা প্রমাণ করার সুযোগ তো দিতে হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









