
ক্রীড়া প্রতিবেদক
চোটের কারণে দক্ষিণ আফ্রিকার সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ। দ্বিতীয় টেস্টের আগে চিন্তা বাড়ল বাংলাদেশের। এবার ছিটকে গেলেন মুশফিকুর রহিম। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথম টেস্ট চলাকালে বাম কুঁচকির অংশে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। এমআরআই পরীক্ষায় তার পেলভিসের হাড়ের আশপাশে প্রদাহ ধরা পড়েছে। আপাতত বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে এই উইকেটরক্ষক ব্যাটারকে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, চোটের অবস্থা সামাল দিতে মুশফিককে বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে, যাতে চোট আরো গুরুতর না হয়।
ফিজিও আরো বলেন, চোটের চাপজনিত প্রতিক্রিয়া সামাল দিতে এবং অবস্থা আরো খারাপ হওয়া ঠেকাতে তাকে অবিলম্বে বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফলে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না।
মুশফিকের চোটের খবর এল এমন এক সময়ে, যখন তার ব্যাটিং ফর্ম নিয়েই আলোচনা চলছিল। সর্বশেষ চার ইনিংসে কোনো অর্ধশতকের দেখা পাননি। শেষ ছয় ইনিংসে একটি ফিফটির বিপরীতে রয়েছে দু’টি ডাক। সবশেষ গত মে মাসে সেঞ্চুরি করেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। এর পর থেকে বড় ইনিংস খেলতে বেশ সংগ্রাম করতে হচ্ছে তাকে।
ওয়ান্ডারার্স টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি মুশফিক। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ২২ রান। তবু অভিজ্ঞতার কারণে তার অনুপস্থিতি বাংলাদেশের ব্যাটিংয়ে বড় শূন্যতা তৈরি করবে। বিশেষ করে আগের ১৩ ইনিংসে ৪৯.৯ গড়ে ৫৪৯ রান করেছিলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। মে মাসে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন একটি সেঞ্চুরি। যদিও টেস্টে সর্বশেষ ১০ ইনিংসে কোনো হাফসেঞ্চুরি নেই তার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে হারের পর মুশফিককে একাদশে রাখা নিয়েও প্রশ্ন উঠেছিল। এ নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পড়তে হয়েছিল নানা প্রশ্নের মুখে! ৩৯ বছর বয়সী মুশফিককে ঘিরে আলোচনা যখন ছিল পারফরম্যান্স ও দলে তার জায়গা নিয়ে, তখন চোটই শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের বাইরে ঠেলে দিল। সেঞ্চুরিয়ানে সিরিজের শেষ ম্যাচে অভিজ্ঞ এই ব্যাটারকে ছাড়াই ব্যাটিং পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় টেস্ট আগামীকাল ২৩ নভেম্বর। ভেনু সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









