
জাফর আহমাদ
মুসলিম মানে পুরোপুরি আল্লাহর আনুগত্যশীল। শুধু নামে মুসলিম নয় বরং পরিপূর্ণভাবে মুসলিম থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নিও। অর্থাৎ আবদুর রহমানের ছেলে আবদুর রহিম এই জন্মসূত্রে মুসলিম নয় বরং যিনি আল্লাহ প্রদত্ত ও রাসূল সা: কর্তৃক প্রদর্শিত ইসলামের প্রতিটি হুকুমের কাছে নিশর্ত আত্মসমর্পণ করেছে, তাকে মুসলিম বলে। শিরোনামটি মূলত একটি দোয়া, যা ফিরাউনের বিখ্যাত জাদুকররা আল্লাহ অনুগত হয়ে তাঁর দরবারে এই আরজটি করেছিলেন। হজরত মুসা আ:-এর মোজেজার মোকাবেলা করার জন্য ফেরাউন সারা দেশ থেকে বিখ্যাত জাদুকরদের জড়ো করেছিল। কিন্তু ঘটনার পরম্পরায় জাদুকররা হজরত মুসা আ: ও তাঁর প্রভুর ওপর ঈমান এনেছিলেন। এটিকে ফেরাউন মুসা আ: ও জাদুকরদের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করল। ফলে তারা ফেরাউনের কঠিন শারীরিক নির্যাতনের শিকার হন। এমনকি তাদের হত্যার হুমকি দেয়া হয়। জাদুকররা নিজেদের সবরকমের শাস্তির জন্যে পেশ করে এ কথা প্রমাণ করে দিল যে, মুসা আ: কে সত্য বলে স্বীকার করা ও তাঁর ওপর তাদের ঈমান আনাটা কোনো ষড়যন্ত্র নয় বরং সত্যের অকুণ্ঠ স্বীকৃতির ফল। জাদুকররা বলেছিল, যা আল্লাহ তায়ালা আল কুরআনে উল্লেখ করেছেন, (জাদুকররা ফিরাউনকে বলল) ‘তুমি যে ব্যাপারে আমাদের ওপর প্রতিশোধ নিতে চাচ্ছ, তা এ ছাড়া আর কিছুই নয় যে, আমাদের রবের নিদর্শনগুলো যখন আমাদের সামনে এসেছে তখন আমরা তা মেনে নিয়েছি। হে আমাদের রব! আমাদের ওপর সবর দান ঢেলে দাও এবং মুসলিম থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নাও।’(সূরা আরাফ : ১২৬) আরবি দোয়াটি হচ্ছে, ‘রাব্বানা আফরিগ আলাইনা সবরাঁও ওয়া তাওয়াফ্ফানা মুসলিমিন।’
মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ঈমানের স্ফুলিঙ্গ জাদুকরদের চরিত্রের কি বিরাট পরিবর্তন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। মাত্র কিছুক্ষণ আগেই এ জাদুকরদের কী দাপট ছিল। নিজেদের পৈতৃক ধর্মের সাহায্যার্থে তারা নিজ নিজ ঘর থেকে বের হয়ে এসেছিল। তারা ফেরাউনকে জিজ্ঞেস করেছিল, আমরা যদি মুসার আক্রমণ থেকে নিজেদের ধর্মকে রক্ষা করতে পারি তাহলে সরকার আমাদের পুরস্কৃত করবে তো। আর এখন ঈমানের নিয়ামত লাভ করার পর তাদেরই সত্যপ্রীতি, সত্যনিষ্ঠা ও দৃঢ়তা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, মাত্র কিছুক্ষণ আগে যে বাদশার সামনে তারা লোভীর মতো দুই হাত পেতে দিয়েছিল এখন তার প্রতাপ প্রতিপত্তি ও দর্পকে নির্ভয়ে পদাঘাত করতে লাগল। সে যে ভয়াবহ শাস্তি দেয়ার হুমকি দিচ্ছিল তা বরদাশত করার জন্য তারা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু যে সত্যের দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে গিয়েছিল প্রাণের বিনিময়েও তাকে পরিত্যাগ করতে তারা প্রস্তুত ছিল না।
সত্যিকারার্থে সেই ঈমানদারদের সামনে সত্যের দরজা এমনভাবে খুলে গিয়েছিল যে, পৃথিবীর প্রতাপশালী এক স্বৈরশাসকের সামনে নিজেদের পেশ করে বলে উঠল তুমি আমাদের মেরে ফেললেও এই সত্য থেকে চুল পরিমাণ আমরা নড়ব না। কারণ তারা জানে যে, আল্লাহ অনুমতি ছাড়া মরতে পারে না। তা ছাড়া মৃত্যুর ফয়সালা এ জমিনে হয় না বা জালিম ফেরাউনের দরবারেও হয় না বরং মৃত্যুর ফয়সালা হয় আসমানে মহান প্রভুর দরবারে। সুতরাং সে (ফেরাউন) যত শক্তিশালী জালিমই হোক না কেন, তার ক্ষমতা নেই আমাদের কিছু করার। যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘কোনো প্রাণীই আল্লাহর অনুমোদন ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো লেখা আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেবো। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শোকরকারীদের আমি অবশ্যি প্রতিদান দেবো।’ (সূরা আলে ইমরান : ১৪৫)
ফেরাউনের দরবারের জাদুকরদের ঘটনা প্রবাহ ও এ আয়াত থেকে মুসলমানদের এ কথা বুঝানো হয়েছে যে, মৃত্যুর ভয়ে কারো পালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। মৃত্যুর জন্য আল্লাহ যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন তার আগে কেউ মরতে পারে না এবং তার পরেও কেউ জীবিত থাকতে পারে না। কাজেই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সত্যকে পরিত্যাগ করা যাবে না বরং জীবিত থাকার জন্য যে সময়টুকু পাওয়া যাচ্ছে সেই সময়ে যাবতীয় প্রচেষ্টার উদ্দেশ্যে দুনিয়া না আখেরাত কোনটি হবে এ ব্যাপারে চিন্তা করতে হবে। আখেরাতের কাজ করতে গিয়ে যদি নির্যাতন ও মৃত্যুও চলে আসে, তবে আল্লাহ শিখানো ভাষায় বলতে হবে, ‘হে আমাদের রব! আমাদের ওপর সবর ঢেলে দাও এবং মুসলমান থাকা অবস্থায় মৃত্যু দাও।’ আল্লাহ তায়ালা বলেন, ‘এর আগে এমন অনেক নবী চলে গেছে যাদের সাথে মিলে বহু আল্লাহওয়ালা লড়াই করেছে। আল্লাহর পথে তাদের ওপর যেসব বিপদ এসেছে তাতে তারা মনমরা ও হতাশ হয়নি, তারা দুর্বলতা দেখায়নি এবং তারা বাতিলের সামনে মাথা নত করে দেয়নি। এ ধরনের সবরকারীদের আল্লাহ ভালোবাসেন।’ (সূরা আলে ইমরান : ১৪৬)
আল্লাহ দুনিয়াতেও পুরস্কৃত করেন কিন্তু আখেরাতের পুরস্কারই আসল পুরস্কার। দুনিয়ার পুরস্কার মানে মানুষ তার প্রচেষ্টা ও কাজের ফলস্বরূপ এ দুনিয়ার জীবনে যে লাভ, ফায়দা ও মুনাফা হাসিল করে। আর আখেরাতের পুরস্কার মানে হচ্ছে, ওই প্রচেষ্টা ও কাজের বিনিময়ে মানুষ তার আখেরাতের চিরন্তন জীবনের জন্য যে ফায়দা, লাভ ও মুনাফা অর্জন করবে। জীবন যুদ্ধ ক্ষেত্রে মানুষ যে প্রচেষ্টা ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে সে ক্ষেত্রে তার দৃষ্টি ইহকালীন না পরকালীন ফলপ্রাপ্তির দিকে নিবদ্ধ থাকবে, ইসলামের দৃষ্টিতে মানবিক নৈতিকতার ক্ষেত্রে এটিই হচ্ছে চূড়ান্ত এক সিদ্ধান্তকারী প্রশ্ন।
উপরে উল্লেখিত আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শোকরকারীদের আমি অবশ্যি প্রতিদান দেবো।’ এখানে শোকরকারী বলতে এমন সব লোকের কথা বলা হয়েছে যারা আল্লাহর বিশেষ নিয়ামতের কদর করে। আল্লাহর এই বিশেষ নিয়ামতটি হচ্ছে : তিনি মানুষকে দীনের সঠিক ও নির্ভুল শিক্ষা দিয়েছেন। এ শিক্ষার মাধ্যমে তিনি মানুষকে এ দুনিয়া ও এর সীমিত জীবনকাল থেকে অনেক বেশি ব্যাপক একটি অনন্ত ও সীমাহীন জগতের সন্ধান দিয়েছেন এবং তাকে এ আমোঘ সত্যটিও জানিয়ে দিয়েছেন যে, মানুষের প্রচেষ্টা সংগ্রাম-সাধনা ও কাজের ফল কেবলমাত্র এ দুনিয়ার কয়েক বছরের জীবনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এ জীবনের পর আর একটি অনন্ত জগত এর বিস্তার ঘটবে। এ দৃষ্টির ব্যাপকতা, দূরদর্শন ক্ষমতা ও পরিণামদর্শিতা অর্জিত হওয়ার পর যে ব্যক্তি নিজের প্রচেষ্টা ও পরিশ্রমকে এ দুনিয়ার জীবনের প্রাথমিক পর্যায়ে ফলপ্রসূ হতে দেখে না অথবা তার বিপরীত ফল লাভ করতে দেখে এবং এ সত্ত্বেও এক আল্লাহর ওপর ভরসা করে কাজ করতে থাকে, কেননা আল্লাহ তাকে এ ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন যে, আখেরাতে সে অবশ্যি এর ভালো ফল পাবে- এহেন ব্যক্তিই হচ্ছে আল্লাহর শোকরগুজার বান্দা।
এর বিপরীতে যারা এরপরও সঙ্কীর্ণবৈষয়িক স্বার্থ পূজায় নিমগ্ন থাকে এবং দুনিয়ায় সঠিক প্রচেষ্টাগুলোর ফলবতী হওয়ার আশা থাকে না অথবা সেগুলো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, সেখানে আখেরাতে সেগুলোর ভালো ফলের আশায় তাদের জন্য নিজেদের সময়, অর্থসম্পদ ও শক্তি-সামর্থ্য ব্যয় করতে প্রস্তুত হয় না, তারাই সত্যিকার অর্থে না-শোকরগুজার ও অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ তাদেরকে যে জ্ঞান দান করেছেন তাদের কাছে সেই জ্ঞানের কোনো মূল্য নেই।
ফেরাউনের দরবারে উপস্থিত জাদুকররা ফেরাউনের ভয়ানক শাস্তির হুমকি সত্ত্বেও তারা থমকে যায়নি। বরং তাদের ঈমান বেড়ে গিয়েছিল। বরং তারা দোয়া করছিল- ‘হে আমাদের রব! আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও এবং তোমার অনুগত (মুসলিম) থাকা অবস্থায় উঠিয়ে নাও।’ এ ধরনের চরিত্রসম্পন্ন ব্যক্তিদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘এর আগে এমন অনেক নবী চলে গেছে যাদের সাথে বহু আল্লাহওয়ালা লড়াই করেছে। আল্লাহর পথে তাদের যেসব বিপদ এসেছে তাতে তারা মনমরা ও হতাশ হয়নি, তারা দুর্বলতা দেখায়নি এবং তারা বাতিলের সামনে মাথা নত করে দেয়নি। এ ধরনের সবরকারীদের আল্লাহ ভালোবাসেন।’ (সূরা আলে ইমরান : ১৪৬) অর্থাৎ মুসলমানদের সৈন্য সংখ্যা ও যুদ্ধের সাজ-সরঞ্জামের স্বল্পতা ও অভাব এবং অন্য দিকে কাফেরদের বিপুল সৈন্য ও সাজ-সরঞ্জামের প্রাচুর্য দেখে তারা বাতিলের কাছে অস্ত্র সংবরণ করেনি। বরং এ ধরনের চরিত্র বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা দোয়া করে যে, ‘হে আমাদের রব! আমাদের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আমাদের কাজের ব্যাপারে যেখানে সীমালঙ্ঘিত হয়েছে, তা তুমি মাফ করে দাও। আমাদের পা মজবুত করে দাও এবং কাফেরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো।’ (সূরা আলে ইমরান : ১৪৭)
সুতরাং জীবিত থাকা অবস্থায় এই দোয়া করে যেতে হবে যে, হে প্রভু! তোমার অনুগত বা মুসলিম থাকা অবস্থায় আমাদের উঠিয়ে নাও। যেহেতু মৃত্যুর সময় বা ক্ষণ আমাদের জানা নেই, তাই যতক্ষণ এ দেহে প্রাণ আছে আমাদেরকে আল্লাহর আনুগত্যের কাজ চালিয়ে যেতে হবে। অর্থাৎ সদায় মুসলিম থাকতে হবে। মুসলিম থাকা অবস্থায় যেন মৃত্যু হয় সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করতে হবে। রাব্বানা আফরিগ ’আলাইনা সবরাঁও ওয়া তাওয়াফ্ফনা মুসলিমিন অর্থাৎ ‘হে আমাদের রব! আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও এবং তোমার অনুগত (মুসলিম) থাকা অবস্থায় উঠিয়ে নাও।’
লেখক : প্রাবন্ধিক ও ইসলামী ব্যাংকার
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









