
বিনোদন ডেস্ক
হলিউড ও বলিউডের মধ্যে সেতুবন্ধ গড়ে তুলতে ভারতে ‘হলিউড হাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে হলিউড ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা স্বেতা রাইয়ের ভাবনা ও সৃজনশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও প্রযোজনা সংস্থাগুলোর জন্য হলিউডের অভিজ্ঞ পেশাজীবীদের সাথে কাজ করার নতুন সুযোগ তৈরি করছে। প্রশিক্ষণ, প্রযোজনা সহায়তা, আন্তর্জাতিক যোগাযোগ এবং চলচ্চিত্রশিল্পের বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দক্ষতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
২০২৬ সালের জানুয়ারিতে প্রাথমিকভাবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি জুন থেকে হলিউডের পেশাজীবীদের পরিচালনায় প্রশিক্ষণ কার্যক্রমও শুরু করেছে। অনলাইনে আয়োজিত এসব মাস্টারক্লাসে অংশ নিয়ে ভারতজুড়ে চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও সৃজনশীল পেশার সাথে যুক্ত ব্যক্তিরা সরাসরি হলিউডের অভিজ্ঞদের কাছ থেকে শিখতে পারছেন। বাস্তব কাজের অভিজ্ঞতা, চলচ্চিত্র নির্মাণের কৌশল এবং আন্তর্জাতিক মানের প্রযোজনা সম্পর্কে ধারণা দেয়াই এসব প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
প্রতিষ্ঠানটির সৃজনশীল ভাবনার নেপথ্যে রয়েছেন স্বেতা রাই। চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে হলিউডের ৩৫টিরও বেশি চলচ্চিত্র প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ভারতের একটি ছোট শহর থেকে যাত্রা শুরু করে সিঙ্গাপুরে নির্বাহী পর্যায়ে কাজ এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো স্বেতার পেশাগত পথচলা বেশ বৈচিত্র্যময়। তিনি যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই) থেকে চলচ্চিত্র বিষয়ে এমএফএ ডিগ্রি অর্জন করেন। স্বাধীন ও আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণে তার দীর্ঘ অভিজ্ঞতাই ভারতে হলিউডের পেশাদার দক্ষতা ও সুযোগ নিয়ে আসার এই উদ্যোগকে অনুপ্রাণিত করেছে।
হলিউড ড্রিমস এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন লেখক ও প্রযোজক অনিতা রাই। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ড. সুরেন্দ্র রাই (পিএইচডি, ডিলিট)। এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক এমন কয়েকজন পেশাজীবী ও পরামর্শক প্রতিষ্ঠানটির সাথে যুক্ত রয়েছেন, যাদের কাজের অভিজ্ঞতা হলিউডের বিভিন্ন স্টুডিও, টেলিভিশন নেটওয়ার্ক ও বিনোদন চ্যানেলে। স্বেতা রাই প্রতিষ্ঠানের সৃজনশীল দিকনির্দেশনা দিচ্ছেন এবং উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত আছেন। অন্য দিকে ব্যবস্থাপনা ও শিল্পসংশ্লিষ্ট দল উদ্যোগটির বাস্তবায়ন ও কার্যক্রম পরিচালনা করছে।
শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকতে চায় না প্রতিষ্ঠানটি। স্বাধীন চলচ্চিত্র থেকে শুরু করে বড় বাজেটের প্রযোজনা বিভিন্ন ধরনের প্রকল্পের জন্য প্রযোজনা-সহায়তা পরিষেবা গড়ে তোলার কাজও চলছে। পাশাপাশি ভারতে পোস্ট-প্রোডাকশন স্টুডিও সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে। তবে এসব অবকাঠামোগত উদ্যোগ এখনো উন্নয়ন পর্যায়ে। নির্মাতারা যাতে তুলনামূলক সাশ্রয়ী বাজেটে পেশাদার মানের সুযোগ-সুবিধা পান, সে লক্ষ্যেই এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
ভারত ও যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রশিল্পের মধ্যে যোগাযোগ বাড়ানোও তাদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে চলচ্চিত্র অধিগ্রহণ, পরিবেশনা ও বিক্রয়-সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্ব গড়ে তুলেছে হলিউড ড্রিমস এন্টারটেইনমেন্ট। এর মাধ্যমে নির্মাতারা তাদের নির্মিত চলচ্চিত্র বাজারজাত করা, পরিবেশক ও ক্রেতাদের কাছে পৌঁছানো এবং আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরার ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাজীবীদের সহযোগিতা পাওয়ার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটি তাদের সহযোগী ইন্ডো হলি ফিল্মস ইনকরপোরেটেডের সাথে যুক্ত হয়ে ভারতীয় প্রযোজনাগুলোর যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও সহায়তা দেয়ার পরিকল্পনা করছে। বিশেষ করে শুটিংয়ের উপযুক্ত লোকেশন নির্বাচন, বিভিন্ন অঙ্গরাজ্যের প্রযোজনা-প্রণোদনা এবং বাজেটসংক্রান্ত বিষয়ে নির্মাতাদের পরামর্শ দেয়ার উদ্যোগ রয়েছে। একইভাবে ভারতকে আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতেও কাজ করছে তারা।
এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নারী চলচ্চিত্র নির্মাতাদের এগিয়ে নেয়া। নারী নেতৃত্বাধীন প্রতিষ্ঠান হিসেবে হলিউড ড্রিমস এন্টারটেইনমেন্ট নারী নির্মাতা ও সৃজনশীল পেশাজীবীদের জন্য প্রশিক্ষণ, পেশাগত যোগাযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠার সুযোগ তৈরিতে গুরুত্ব দিচ্ছে।
স্বেতা রাইয়ের ভাষায়, ‘ভারতে একটি হলিউড হাব গড়ে তুলতে পেরে আমরা আনন্দিত। বলিউড, টালিউডসহ বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রশিল্পগুলোর সাথে হলিউডের যোগাযোগ ও সহযোগিতা আরো সহজ এবং সাশ্রয়ী করে তুলতে চাই আমরা। একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং হলিউডের বড় স্টুডিও পর্যায়ের নির্বাহী হিসেবে বিশ্বের বিভিন্ন স্থানে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা আমার রয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের প্রযোজনা-প্রণোদনা সম্পর্কেও আমি জানি। তাই নির্মাতাদের বাজেট ও প্রযোজনার প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে আমরা প্রস্তুত। পাশাপাশি হলিউডের বিশেষজ্ঞদের নিয়ে এমন একটি প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে ভারতের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান ব্যক্তিরা সরাসরি শেখার সুযোগ পাবেন। আমাদের একমাত্র লক্ষ্য ‘বলিউডের স্বপ্নকে হলিউডের পর্দায় পৌঁছে দেয়া।’
এ দিকে ২০২৭ সালে ‘হলিউড ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল’ আয়োজনের পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। প্রস্তাবিত এই উৎসবে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণ, চলচ্চিত্র প্রদর্শনী, শিল্পসংশ্লিষ্ট বৈঠক এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টির কথা ভাবা হচ্ছে। তবে উৎসবের তারিখ ও বিস্তারিত আয়োজন এখনো চূড়ান্ত হয়নি।
স্বেতা রাই ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করেন ইন্ডো হলি ফিল্মস ইনকরপোরেটেড। আন্তর্জাতিক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাণে তার অভিজ্ঞতা এবং বিভিন্ন বাজারে প্রযোজনার বাজেট, ব্যবস্থাপনা ও সৃজনশীল সহযোগিতা সম্পর্কে ধারণা নতুন এই উদ্যোগের অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
বড় কোনো স্টুডিও কিংবা মুম্বাই বা হায়দরাবাদের বিশাল চলচ্চিত্রনগরী গড়ে তোলার প্রতিযোগিতায় নামতে চায় না হলিউড ড্রিমস এন্টারটেইনমেন্ট, বরং বিভিন্ন আকারের প্রযোজনার বাস্তব প্রয়োজন, বাজেট ও কাজের ধরন বুঝে সরাসরি সহযোগিতা দেয়াই তাদের লক্ষ্য। বর্তমানে চালু প্রশিক্ষণ কার্যক্রম ও সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে অংশীদারত্বের ভিত্তিতে গড়ে উঠছে তাদের কার্যক্রম। অন্যদিকে পোস্ট-প্রোডাকশন সুবিধা ও চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা রয়েছে ভবিষ্যৎ সম্প্রসারণের অংশ হিসেবে।
ভারতীয় চলচ্চিত্রশিল্পের বিশাল সম্ভাবনার সাথে হলিউডের অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক যুক্ত করার এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা সফল হয়, তা সময়ই বলে দেবে। তবে প্রশিক্ষণ থেকে প্রযোজনা সহায়তা বিভিন্ন স্তরে দুই চলচ্চিত্রশিল্পের মধ্যে সহযোগিতার নতুন পথ তৈরির যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি, তা নিঃসন্দেহে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আগ্রহ তৈরি করতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









