সংক্ষিপ্ত সংবাদ
ads

কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

যশোরের চৌগাছার স্বর্পরাজপুর দাখিল মাদরাসার ছাত্র মারুফ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোলাইমান হোসেন মণ্ডল (৫৫) খুলনা কারাগারে মারা গেছেন। গতকাল শনিবার ভোরে তার মৃত্যু হয়। তিনি স্বর্পরাজপুর গ্রামের মৃত আজহার আলী মণ্ডলের ছেলে এবং ২০২৩ সাল থেকে কারাগারে ছিলেন। ২০১৬ সালের ১০ আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মারুফ। ১৬ আগস্ট কান্দি মৌজার এক বাগান থেকে তার হাত-পা কাটা ও মস্তক বিহীন খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পরদিন মারুফের মা আবেরুন নেছা সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। বিচারিক আদালত ১০ আসামির সবাইকে খালাস দিলেও আপিলের পর হাইকোর্ট সোলাইমান মণ্ডল, আবুল বাশার, মো: বাবু ও আজাহারুল ইসলাম ওরফে বুড়োকে মৃত্যুদণ্ড এবং হজরত আলী মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি পাঁচ আসামির খালাস বহাল থাকে। চৌগাছা (যশোর) সংবাদদাতা।

২২১ কোটি টাকার চোরাচালান জব্দ

সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে চলতি বছরের প্রথম ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকার মাদক ও অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় ৬১৫ জনকে আটক করা হয়েছে। বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অভিযান চালায়। গতকাল শনিবার পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মদ, ইয়াবা, ফেনসিডিল, ক্রিস্টাল মেথ, গাঁজা, হেরোইন ও নেশাজাতীয় ট্যাবলেট-সিরাপ। দুর্গাপূজা ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও প্লাটুন মোতায়েন ছিল। পুশইন ও সীমান্ত অপরাধ রোধে নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। পঞ্চগড় প্রতিনিধি।

ডোবা থেকে গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে লাশটি দেখা যায় এবং দুপুরে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে থানা পুলিশ। সাম্মত আলী রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিরকান্দা গ্রামের বাসিন্দা। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মসজিদে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ হোসেন জানান, প্রতিবেশী আজিজুল হক গংয়ের সাথে সাম্মত আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলছিল। পরিবারের ধারণা, প্রতিপক্ষই তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মূল ঘটনা জানা যাবে। হত্যা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা।

অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

রাজশাহীর গোদাগাড়ীতে দু’টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার রাতে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) ও জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে শাহিন আলীর প্যান্টের পকেট থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ৭ দশমিক ৬৫ এমএমের পিস্তল দু’টি ও গুলি উদ্ধার হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে তারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অস্ত্র এনে বিক্রির উদ্দেশ্যে খুলনায় নেয়ার কথা বলেছেন। গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। রাজশাহী ব্যুরো।