চরভয়রা উচ্চবিদ্যালয়ের শতবর্ষের সারথির মোড়ক উন্মোচন
ads

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চরভয়রা উচ্চ বিদ্যালয়ের ১১৪ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অর্জন নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থ শতবর্ষের সারথি মোড়ক উন্মোচন করা হয়েছে। একই সাথে বিদ্যালয়ের নবনির্মিত কিরন ভবনের উদ্বোধন করা হয়।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাভিশনের বার্তা সম্পাদক বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ ইউএনও মো: আবু বকর সিদ্দিক ও সখিপুর থানার ওসি মোফাজ্জল হুসাইন। 
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হাজী শরীয়তুল্লাহ কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম সরদারসহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।