গুম খুন ও গায়েবি মামলার সুষ্ঠু বিচার এ দেশেই হবে : সমাজকল্যাণমন্ত্রী
ads

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা 

অতীতে সংঘটিত গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গায়েবি মামলার সুষ্ঠু বিচার বাংলাদেশেই হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। গত শুক্রবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘যারা একসময় মানুষের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট এবং সাধারণ মানুষকে পঙ্গু করেছে, তারাই এখন দেশ ছেড়ে বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছে। তবে দেশের মানুষ আর তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবে না।’ তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেয়া হবে না। অনুষ্ঠানে ইউএনও বিধান কান্তি হালদার, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, থানার ওসি আরজু মো: সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা ছিলেন।