নাসিরনগরের ১২৭ প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদ ১২৭
ads

 নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষক সঙ্কটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষার কার্যক্রম। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ১২৭টি পদ শূন্য থাকায় পাঠদান ও বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় দেখা দিয়েছে বিভিন্ন সঙ্কট। এতে শিক্ষার্থীদের পাঠগ্রহণের পাশাপাশি শিক্ষার মান নিয়েও উদ্বেগ বাড়ছে। 
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হাওরবেষ্টিত উপজেলায় ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এর মধ্যে ৭৫ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ৫২টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তীব্র শিক্ষক সঙ্কট দেখা দিয়েছে।  
প্রধান শিক্ষক না থাকায় ভোগান্তির কথা উল্লেখ করে উপজেলার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান জানান, বিদ্যালয়ে ৩৬৪ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। এর মধ্যে একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান চালাতে হিমশিম খেতে হচ্ছে। 
নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: ইলিয়াস মিয়া বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিয়মিত পাঠদান, শিক্ষকদের মধ্যে দায়িত্ব বণ্টন, প্রশাসনিক কার্যক্রম ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রধান শিক্ষকের অভাবে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও কার্যকর তদারকি করা সম্ভব হচ্ছে না।’ 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানসিক চাপের ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘আমার চাকরিজীবনের আরো ২০ বছর বাকি, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে এভাবে প্রতিনিয়ত মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্য দিয়ে কার্যক্রম চালালে, হয়তো ১০ বছরও বাঁচা সম্ভব না।’ 
 ফান্দাউক আতিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজমুল হুদা বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকা অপরিহার্য। যেখানে প্রধান শিক্ষক নেই, সেখানে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হয়, এক দিকে তার যেমন বিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালনা করতে হয়, তেমনি পাঠদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও দেখতে হয়।’ 
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো: নেছার আহম্মদ বলেন, ‘৭৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৫২ জন সহকারী শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীর পড়াশোনা মানোন্নয়ন সম্ভব হচ্ছে না।