
মিনাজুল ইসলাম মিজান সোনাতলা (বগুড়া)
বগুড়ার সোনাতলার যমুনা ও বাঙালি নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে এবার আগাম জাতের কাঁচামরিচের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় মাঠে মাঠে মরিচের সমারোহ। কিন্তু ফলনের এ প্রাচুর্য কৃষকের মুখে হাসি ফোটাতে পারেনি। বাজারে সরবরাহ বেশি, অথচ পাইকার ও ক্রেতার উপস্থিতি কম। ফলে প্রতি মণ কাঁচামরিচ বিক্রি হচ্ছে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকায়। উৎপাদন খরচ তুলতে না পেরে হতাশ হয়ে পড়েছেন চাষিরা।
উপজেলার পূর্বাঞ্চলের চরাঞ্চলগুলোতে এখন আগাম মরিচ সংগ্রহের পাশাপাশি রবি মৌসুমের গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। সরেজমিন তেকানী ও পাকুল্লা হাট ঘুরে দেখা যায়, বাজারে প্রচুর মরিচ উঠলেও সে তুলনায় ক্রেতা নেই। কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। তাদের ভাষ্য, বর্তমান বাজারদরে শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ মেটানোই কঠিন। তারপরও গাছের নতুন ফুল ও পরবর্তী ফলন রায় লোকসান মেনেই মরিচ তুলতে হচ্ছে।
পূর্ব তেকানী গ্রামের কৃষক শাহিন এবার প্রায় চার বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। তিনি জানান, গত বছর ভালো দাম পাওয়ায় এবারো লাভের আশায় আবাদ বাড়িয়েছিলেন। কিন্তু সার, বীজ ও কীটনাশকের বাড়তি দামের কারণে প্রতি মণ মরিচ অন্তত এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি করতে না পারলে লোকসান হবে।
৬৫ বছর বয়সী কৃষাণী মাহফুজা বেগমের অবস্থাও একই। গত মৌসুমে ভালো দাম পাওয়ার আশায় ধারদেনা করে মরিচ চাষ করেছিলেন তিনি। কিন্তু এবার দাম এতটাই কম যে শ্রমিক নিয়োগের সামর্থ্য নেই। তাই নিজেই জমি থেকে মরিচ তুলছেন। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে বলে আশঙ্কা করছেন তিনি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সোনাতলায় ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী বগুড়া মরিচের পাশাপাশি বিজলী প্লাস, নবীন ও এক হাজার ৭০১ জাতের হাইব্রিড মরিচ আবাদ করেছেন কৃষকরা। দেশী জাতের মরিচে ঝাল বেশি হলেও হাইব্রিড জাতের ফলন তুলনামূলক বেশি।
উৎপাদন বাড়লেও বাজার ব্যবস্থাপনা ও ক্রেতার সঙ্কটে কৃষকের প্রত্যাশিত আয় নিশ্চিত হচ্ছে না। ফলে ভালো ফলনও তাদের জন্য স্বস্তির বদলে লোকসানের শঙ্কা তৈরি করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, চলতি মৌসুমে মরিচের ফলন বেশ ভালো হয়েছে। আগাম চাষে বাড়তি লাভের আশায় কৃষকরা আবাদ করেন। তবে বর্তমানে বাজারদর কম থাকায় তারা হতাশ। দ্রুত বাজার পরিস্থিতির উন্নতি হবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









