দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী
ads

 সোহেল মিয়া দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সঙ্কটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যায় উন্নীত হওয়ার পরও হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হচ্ছে ৩১ শয্যার জনবল দিয়ে। 
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৩ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেয়। তবে প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় চার বছর ধরে পুরনো জনবল কাঠামোতেই চলছে এর কার্যক্রম। বর্তমানে ১৬৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৭৯ জন।
চিকিৎসক সঙ্কটের চিত্রও উদ্বেগজনক। জুনিয়র কনসালট্যান্টের চারটি পদের মধ্যে কর্মরত দুইজন, সহকারী সার্জন ও মেডিক্যাল অফিসারের ১১টির মধ্যে পাঁচজন। চারটি ইমারজেন্সি মেডিক্যাল অফিসারের পদই শূন্য। ২৫টি সিনিয়র স্টাফ নার্সের বিপরীতে রয়েছেন মাত্র চারজন। তাদের তিনজন প্রশিক্ষণে থাকায় কার্যকর জনবল আরো কম। চারটি মিডওয়াইফ পদের একজনও মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
এ ছাড়া ল্যাব, রেডিওগ্রাফি, ডেন্টালসহ গুরুত্বপূর্ণ মেডিক্যাল টেকনোলজিস্টের পদগুলো শূন্য। গাইনি কনসালট্যান্ট না থাকায় বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। টেকনিশিয়ানের অভাবে অকেজো পড়ে আছে হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিন।
স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকায় রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এতে দরিদ্র মানুষের চিকিৎসাব্যয় বেড়ে যাচ্ছে। বাংলাবাজার এলাকার বাসিন্দা হাবিব রওশান বলেন, প্রতিদিন শত শত রোগী হাসপাতালে এলেও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। দ্রুত জনবল নিয়োগের দাবি জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আবদুল্লাহ আল মামুন বলেন, সীমিত জনবল নিয়ে যথাসাধ্য সেবা দেয়ার চেষ্টা চলছে। তবে আড়াই লাখ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। জনবল সঙ্কট নিরসনে সরকার উদ্যোগ নিলে সেবার মান বাড়বে।