টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কৃষকের সর্বনাশ
অব্যাহত বৃষ্টিতে শালিখার ধানের ক্ষেত ডুবে গেছে : নয়া দিগন্ত।
ads

 নয়া দিগন্ত ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও নিম্নœচাপের প্রভাবে অসময়ে বৃষ্টিতে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। পটুয়াখালীর রাঙ্গাবালী, ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জ, মাগুরার শালিখা, বগুড়া এবং কিশোরগঞ্জের হোসেনপুরে জমিতে জমে থাকা পানিতে নষ্ট হচ্ছে কাঁচ-পাকা ধান। একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজ, সরিষা, তরমুজ ও বোরো ধানের বীজতলা এবং শীতকালীন সবজির ক্ষেত। ধারদেনায় আবাদ করা ফসলের উৎপাদন খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। এ ছাড়া গো-খাদ্যের তীব্র সঙ্কটের শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশন, কৃষি পরামর্শ, সরকারি প্রণোদনা ও সহজ শর্তে কৃষিঋণের দাবি জানিয়েছেন কৃষকরা।
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা জানান, মাঠে থাকা পাকা ধান, আগাম তরমুজ ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হচ্ছে। অনেক জমির পাকা ধান কাটার প্রস্তুতি চলছিল, কোথাও কেটে মাঠে রাখা হয়েছিল। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে ধান নষ্ট হচ্ছে। তরমুজের জমিতে জলাবদ্ধতায় গাছের গোড়া পচে যাওয়া, ফলের ক্ষতি ও উৎপাদন কমার আশঙ্কা করছেন চাষিরা। চরমোন্তাজের কৃষক আবু তালেফ খলিফা জানান, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে বিপুল অর্থ ব্যয় হয়েছে; বিনিয়োগের টাকা ফেরত পাওয়া কঠিন হবে।
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, পানিতে ডুবেছে কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা। পেঁয়াজের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী মৌসুমে পেঁয়াজের আবাদ কমার আশঙ্কা করছেন কৃষকরা। হাজরা মিনা গ্রামের আমদ আলী জানান, তার পেঁয়াজের বীজতলা সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। দিগনগর গ্রামের কদর মিয়া জানান, কাটা ধান, কাঁচা-পাকা ধান ও পেঁয়াজের বীজতলা- সবই পানিতে ডুবে গেছে। ধলহরাচন্দ্র গ্রামের বিপুল কুমার জানান, নতুন করে পেঁয়াজের বীজ জমিতে দিতে হবে, কিন্তু বীজ কেনার টাকা কোথায় পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, উপজেলার মাঠে আমন ধান, সরিষা, রবি শস্য ও বিভিন্ন সবজির ক্ষতি হচ্ছে। ধান শুকানো ও ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে। দরিশলই গ্রামের আবু মিয়া জানান, কেটে রাখা ধান ভিজে গেছে, রোদনা উঠলে ঘরে তোলা কঠিন হবে। চুকিনগর গ্রামের সবজি চাষি আলী হোসেন ৮০ শতক জমিতে টমেটো ও শসা চাষ করে তিন-চার লাখ টাকা আয়ের আশা করছেন, কিন্তু পানি জমে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ১৪,৮৯০ হেক্টর জমির আমনে প্রায় ৫৮,০০০ মেট্রিক টন উৎপাদনের আশা। ক্ষতি কমাতে পরামর্শ দেয়া হচ্ছে।
বগুড়া অফিস জানায়, কাটা ধান পানিতে তলিয়ে গেছে, আগাম আলু নষ্ট হওয়ার উপক্রম। সরিষা চাষ ব্যাহত হচ্ছে। বগুড়া আবহাওয়া অফিস জানান, গত দুই দিনে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; আজ রোববার নাগাদ থেমে যেতে পারে। নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক জানান, অর্ধেকের বেশি জমির ধান কাটা ও মাড়াই শেষ হলেও সরিষা ও আলু চাষের জমি তৈরি বিলম্বিত হবে। উপপরিচালক সোহেল মোহাম্মদ সামসুদ্দিন ফিরোজ জানান, পানি নিষ্কাশনের পরামর্শ দেয়া হচ্ছে। জেলায় ১,৮৪,২৪৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, কয়েক মাসের পরিশ্রম ও ধারদেনায় আবাদ করা ধান জমিতে জমে থাকা পানিতে ভাসছে; কেটে রাখা পাকা ধান ভিজে নষ্ট হওয়ায় ধারদেনা পরিশোধ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। কালীগঞ্জে ১৮,৭৩৪ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, এর বড় অংশ ধান এখনো মাঠে। সুন্দরপুর ইউনিয়নের সাগর হোসেন জানান, ধান কাটা, শুকানো ও বাড়িতে নেয়া কঠিন হয়ে পড়েছে। নিয়ামতপুরের আবুল কালাম জানান, সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ উঠানো নিয়ে হিসাব এলোমেলো হয়ে গেছে। আনন্দবাগের সাহাবুদ্দিন জানান, বিচুলি ও খড় পচে গো-খাদ্যের সঙ্কট দেখা দিবে।
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, ছয়টি ইউনিয়ন ও একটি পৌর সভার মাঠে ধান কাটার ধুম চলছে, কিন্তু বৃষ্টিতে কাজ থমকে গেছে। জামাইল গ্রামের নবী হোসেন জানান, আমন ধান গ্রামীণ অর্থনীতির প্রধান অবলম্বন ও সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। চার উপজেলায় ৮,৭৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। পাশাপাশি লাউ, রাঙা আলু, আলু, বেগুন, ফরাস শিম, করলার সবজি ক্ষেত ও বোরো বীজতলায় পানি জমে শিকড়-বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে; জিনারী গ্রামের জলিল মিয়া রবিশস্যের বীজ না পাওয়ার আক্ষেপ করেন।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, উপজেলায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড। বৃষ্টির কারণে কাজ না পেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, নির্মাণ শ্রমিক, ভ্যান, রিকশা ও ইজিবাইক চালকেরা। অন্য দিকে মাঠে পেকে ওঠা আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। বৃষ্টির সাথে দমকা হাওয়া অব্যাহত থাকলে পাকা ধান নুয়ে পড়া, জমিতে পানি জমে ফসলের ক্ষতি এবং ধান কাটায় বিলম্বের আশঙ্কা করছেন তারা। কাজ না থাকায় দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষের সংসার চালানো কঠিন হয়ে উঠেছে।