৭৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে, বাড়ছে শিল্পায়নের সম্ভাবনা
সোনাগাজী সৌরবিদ্যুৎকেন্দ্র : নয়া দিগন্ত।
ads

সাইফুল আলম হিরন সোনাগাজী ফেনী)

ফেনীর সোনাগাজীতে নির্মিত ৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। প্রায় ৮৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কেন্দ্র দেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ এবং শিল্পায়নের সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সোনাগাজী উপজেলার পূর্ব বড়ধলী ও চরচান্দিয়া এলাকায় প্রায় ২৮৪ একর জমির ওপর কেন্দ্রটি নির্মাণ করেছে বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি)। বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার ও ইজিসিবির অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পটির উৎপাদন সক্ষমতা ৭৫ মেগাওয়াট (এসি)। এতে স্থাপন করা হয়েছে ৯৬ দশমিক ৩৪ মেগাওয়াট ক্ষমতার সৌর প্যানেল (ডিসি)।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্মাণকাজ শেষ হওয়ার পর একই মাসের ২৪ তারিখ জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ১ এপ্রিল কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন পায়। চীনের ট্রিনা সোলার-এইচওয়াইডিসি যৌথ উদ্যোগ প্রকল্পটি নির্মাণ করে। কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ১৩ দশমিক ৩৩ কিলোমিটার দীর্ঘ ২৩০ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে মীরসরাই গ্রিড সাবস্টেশনে পাঠানো হচ্ছে। এ জন্য নির্মাণ করা হয়েছে প্রয়োজনীয় সাবস্টেশন ও বৈদ্যুতিক অবকাঠামো।
সংশ্লিষ্টদের মতে, এ বিদ্যুৎকেন্দ্র ফেনী ও মীরসরাইসহ আশপাশের শিল্পাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও মীরসরাই শিল্পাঞ্চলে শিল্পকারখানার বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় কেন্দ্রটির গুরুত্ব আরো বৃদ্ধি পাচ্ছে।
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, জ্বালানি আমদানির চাপ হ্রাস এবং কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণেও সৌরবিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করায় এতে প্রচলিত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর প্রয়োজন পড়ে না। ফলে পরিবেশবান্ধব জ্বালানির উৎপাদনব্যবস্থা বিকাশে প্রকল্পটি ভূমিকা রাখছে।
সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সোনাগাজী ভবিষ্যতে দেশের সৌরবিদ্যুৎ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসেন বলেন, সোনাগাজীর সৌরবিদ্যুৎ কেন্দ্র শুধু ফেনীর একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এটি দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন, পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আমাদের জাতীয় সম্পদ।