নীলফামারীতে আগাম আলু উত্তোলন শুরু, ৫৫ টাকা কেজিতে বিক্রি
নীলফামারীর একটি ক্ষেতে আগাম আলু উত্তোলন করছেন কৃষকরা : নয়া দিগন্ত।
ads

 নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে আগাম জাতের আলু উত্তোলন শুরু হয়েছে। চলতি বছর অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের পাশাপাশি মাঠেই ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে আলু বিক্রি হওয়ায় বেজায় খুশি চাষিরা।
জানা যায়, আগাম আলু চাষের জন্য বিখ্যাত নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলা থেকে দেশের আগাম আলুর বেশির ভাগ উৎপাদিত হয়। আগাম আমন ধান কর্তনের পর জমি পতিত না রেখে মাত্র ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে উৎপাদিত রুমানা, সেভেন ও কারেজ জাতের আলু চাষ করেন এখানকার কৃষকরা। অগ্রহায়ণের প্রথম দিন থেকেই আলু উত্তোলন শুরু হয়েছে এবং পাইকাররা সরাসরি ক্ষেত থেকে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে আলু কিনে নিয়ে যাচ্ছেন।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের চাষি তুহিন ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন হয়েছে। ১০০ শতাংশ জমিতে কারেজ ও সেভেন জাতের আলু চাষ করেছি। এর মধ্যে ২২ শতাংশ জমি থেকে ৪০০ কেজি আলু তুলে ক্ষেতেই ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের চাষি আব্দুর রহিম জানান, আগাম আলু চাষে বিক্রিতে ঝামেলা পোহাতে হয় না। এ বছর ২০ শতাংশ জমির কারেজ আলু চাষ করে ৩৪০ কেজি ফলন পেয়েছি। ৬২ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করে খরচ বাদে তার সাত হাজার টাকা লাভ হয়েছে। এ ছাড়া সাথী ফসল হিসেবে কলা ও কুমড়া থেকে আসা আয় পুরোটাই লাভ হবে বলে তিনি আশাবাদী। আলু ব্যবসায়ীরা জানান, প্রথম দিকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে আলু কিনে ট্রাকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থনে পাঠানো হচ্ছে।
নীলফামারী কৃষি সম্প্র্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি বছর নীলফামারীতে আট হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম আলু রোপণ করা হয়েছে, যার মধ্যে কিশোরগঞ্জ উপজেলাতেই রয়েছে চার হাজার ৪০০ হেক্টর। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফকতরের উপপরিচালক হোমায়রা মণ্ডল জানান, দেশের অন্যান্য জেলার আগেই এখানে আগাম আলু ওঠে এবং ভালো দাম পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।