
গোলাম আজম খান কক্সবাজার অফিস
বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রে তিন দিন আটকে থাকার পর অবশেষে টেকনাফে ফিরেছেন সেন্টমার্টিন দ্বীপের শত শত পর্যটক। গতকাল শনিবার সকাল থেকে সার্ভিস ট্রলারে পর্যায়ক্রমে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ফিরিয়ে আনা শুরু হয়েছে। এতে দ্বীপে আটকে পড়া মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি আবদুর রশিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার ২৪টি সার্ভিস ট্রলারে প্রায় এক হাজার যাত্রী দ্বীপ ছেড়েছেন। তাদের মধ্যে প্রায় ৯০০ জন পর্যটক এবং বাকিরা স্থানীয় বাসিন্দা। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ট্রলারগুলো দ্বীপের ঘাট ছাড়ে। সন্ধ্যার দিকে সেগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছায়।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন। ফলে শনিবার অনেকে ফিরলেও উল্লেখযোগ্যসংখ্যক পর্যটক তখনো দ্বীপে অবস্থান করছিলেন। অসুস্থ ও জরুরি প্রয়োজনে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে কয়েকজন পর্যটক জরুরি প্রয়োজনে স্পিডবোটে ফেরার অনুমতি চাইলে কোস্টগার্ড সদস্যদের সাথে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পর্যটকদের বিকল্প পথে ফেরার অনুরোধের বিপরীতে কোস্টগার্ড জানায়, উত্তাল সমুদ্রে স্পিডবোট চলাচল ঝুঁকিপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের চলাচলের সুযোগ নেই। পরে সার্ভিস ট্রলারে পর্যায়ক্রমে ফেরার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ২১ নভেম্বরের বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের সতর্কসঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরদিন সকাল পর্যন্ত সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
বৈরী আবহাওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিনসহ কয়েকটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হলেও জাহাজ চলাচল স্বাভাবিক করতে পৃথক নির্দেশনা প্রয়োজন। পরিস্থিতি অনুকূলে এলে দ্বীপে আটকে থাকা বাকি পর্যটকরাও দ্রুত ফিরতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









