ইউরোপ-অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখিয়ে কম্বোডিয়ায় পাচার, নিঃস্ব ২৫ যুবক
ads

মৌলভীবাজার প্রতিনিধি 

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের অন্তত ২৫ যুবকের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ আদম ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে। ভ্রমণ ভিসায় কম্বোডিয়ায় নিয়ে যাওয়ার পর তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় চক্রটি। সেখানে অনেকে নির্যাতন, অনাহার ও অবৈধ অভিবাসনের শিকার হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরেছেন। আর নাঈম (২৭) নামে এক যুবকের কম্বোডিয়ায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর ও লালারচক গ্রামের কাওছার ও জুনেদ নামের দুই ব্যক্তি গত কয়েক বছর ধরে ইউরোপ ও অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে এলাকার যুবকদের কাছ থেকে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে নেন। এভাবে অন্তত ২৫ জনের কাছ থেকে কোটি টাকারও বেশি আদায় করেন তারা। পরে তাদের ভ্রমণ ভিসায় কম্বোডিয়ায় পাঠিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। সেখানে ভিসার মেয়াদ শেষ হলে অনেকেই অবৈধ অভিবাসীতে পরিণত হন। অনাহার-অর্ধাহার ও নানা দুর্ভোগের পর কেউ কেউ দেশে ফেরেন। কেউ কেউ হারিয়েছেন সর্বস্ব।
গত ৪ নভেম্বর নির্যাতন ও মানসিক যন্ত্রণায় অসুস্থ হয়ে কম্বোডিয়ায় মারা যান লালারচক গ্রামের নাঈম। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। নাঈমের ছোট ভাই রেদওয়ান জানান, ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনতে তারা চেষ্টা করছেন।
ভুক্তভোগী সঞ্জরপুর গ্রামের বিলাল বলেন, অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্নে কম্বোডিয়ায় গিয়ে সর্বস্ব হারিয়েছেন তিনি। জমি বিক্রি করে দেশে ফিরলেও এখন পরের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে তাকে। লালারচক গ্রামের মাসুদ করিম বলেন, সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের সর্বনাশ করা হয়েছে।
আরেক ভুক্তভোগী আজবর আলীর অভিযোগ, কম্বোডিয়ায় নেয়ার পর তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে নির্জন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়। পরে তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে সেই ছবি পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ আদায় করা হয়। ভিসার মেয়াদ শেষ হলে তারা সবাই অবৈধ হয়ে পড়েন।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক দুরুদ বলেন, নাঈমের লাশ দেশে আনার আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ভুক্তভোগীদের সহযোগিতা করা হচ্ছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, নাঈমের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। প্রতারণার বিষয়ে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।