৫ জেলায় প্রাণ গেল ৭ মোটরসাইকেল আরোহীর
ads

নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত হয়েছেন সাতজন। নিহতদের সবাই মোটরসাইকেল চালক ও আরোহী।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই নিভে গেল দু’টি প্রাণ। শনিবার  সকাল সাড়ে ৭টার দিকে এ  দুর্ঘটনায় নিহত হন দুই মোটরসাইকেল আরোহী তৌহিদুল ইসলাম (২৫) ও রিফাত সরদার (২০)। তাদের দু’জনেরই বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: মালেক আলী সরকার জানান, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দু’জনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। 
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায়  মুরগীবাহী পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে উত্তম সরকার (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চরনিকলা গ্রামের ভবেশ সরকারের ছেলে। গতকাল শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বন্দিয়া নামক এলাকায় ভরাডোবা-ঘাটাইল সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।
থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সাগরদীঘিগামী মুরগিবাহী পিকআপের সাথে ভরাডোবাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক উত্তম সরকার ঘটনাস্থলেই নিহত এবং ওই সময় মোটরসাইকেলে থাকা বিদ্যুৎ (৩০) নামে একজন আহত হন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তম কুমার ত্রিশাল এলাকায় রূপসীবাংলা নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বগুড়া অফিস জানায়, বগুড়ার শিবগঞ্জে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন মিয়া (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আব্দুল আলিমের ছেলে।
পুলিশ জানায়, সুজন মোটরসাইকেলে নিজের গ্রাম পুনট থেকে শিবগঞ্জের আমতলী বন্দরের দিকে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় সড়কের মোড়ে জয়পুরহাটগামী একটি পিকআপের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়।
সিলেট ব্যুরো জানায়, সিলেট ও সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় শামস তাহির (২২) এবং সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতকে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নিহত হন। নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী।
জৈন্তাপুরে নিহত শামস তাহির উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি এলাকার বাসিন্দা। শুক্রবার রাত ১টা ২০ মিনিটে সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শামস তাহির জৈন্তাপুর বাজার থেকে মোটরসাইকেলে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জাফলংগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি শনাক্ত ও উদ্ধারে অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্ন দেখে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করা হয়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানের পর শনিবার ভোরে জৈন্তাপুরের চাঙ্গিল বাজার এলাকার একটি গলি থেকে ঢাকা মেট্রো-ট-২২-১৪৪০ নম্বরের ট্রাকটি উদ্ধার করা হয়। বর্তমানে ট্রাকটি তামাবিল হাইওয়ে থানায় রয়েছে। ট্রাক উদ্ধারের পর স্থানীয় লোকজন অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার চৌকা এলাকায় পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান নিহত হন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ডিপ্লোমা প্রকৌশলী। তিনি গোবিন্দগঞ্জ এলাকার আলী ফিলিং স্টেশনে চাকরি করতেন।
নিহতের মামা মেজর ওবায়দুল হক মিলন জানান, শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপি গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন লুৎফুর রহমান। পথে চৌকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো পাঁচ যাত্রী। গতকাল শনিবার সকালে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত মিনারা বেগম মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহত যাত্রীরা হলেন- সৌরভ (২৭), জান্নাতুল (০৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানান, সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে ইটাখোলার দিকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সসয় অটোরিকশায় থাকা শিশুসহ ছয়জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই মিনারা বেগম মারা যান। এক শিশুসহ পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন।