
হ্যাঁ, খাওয়ার পরপরই শুয়ে পড়লে এসিড রিফ্লাক্স (এসিড ওপরের দিকে উঠে আসা) এবং বুক জ্বালাপোড়ার ঝুঁকি বাড়তে পারে। তবে সুস্থ মানুষের ক্ষেত্রে মাঝেমধ্যে খাওয়ার পরপরই শুয়ে পড়লে সাধারণত দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।
এর মূল কারণ হলো অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ শক্তি। আপনি যখন সোজা হয়ে দাঁড়িয়ে বা বসে থাকেন, তখন অভিকর্ষ বল খাবার এবং পাকস্থলীর এসিডকে তাদের নির্দিষ্ট স্থানেই ধরে রাখতে সাহায্য করে। কিন্তু শুয়ে পড়লে এসিডের পক্ষে খাদ্যনালীতে (যে নালীর মাধ্যমে গলা ও পাকস্থলী সংযুক্ত থাকে) ফিরে আসা সহজ হয়ে যায়। এই এসিড ওপরের দিকে উঠে আসার ফলেই বুকে জ্বালাপোড়া অনুভূত হয়, যাকে ‘হার্টবার্ন’ বা বুক জ্বালাপোড়া বলা হয়। যদি এমনটা প্রায়ই ঘটতে থাকে, তবে তা ‘গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ’ জিইআরডি-এর লক্ষণ হতে পারে।
২০০৫ সালে ‘আমেরিকান জার্নাল অব গ্যাস্ট্রোএন্টারোলজি’-তে প্রকাশিত একটি গবেষণায়, যার নেতৃত্বে ছিলেন ওসাকা সিটি ইউনিভার্সিটির ড. ইয়াসুহিরো ফুজিওয়ারা, খাবার গ্রহণ এবং ঘুমানোর মধ্যবর্তী সময়ের ব্যবধান নিয়ে পর্যালোচনা করা হয়। গবেষণায় দেখা গেছে, যারা খাওয়ার তিন ঘণ্টার মধ্যেই ঘুমাতে যান, তাদের জিইআরডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস’ রিফ্লাক্সের সমস্যায় ভোগা প্রাপ্তবয়স্কদের পরামর্শ দেয় যেন তারা খাওয়ার পর অন্তত তিন ঘণ্টা শুয়ে না থাকেন। আয়ারল্যান্ডের এইচএসই আরো এক ধাপ এগিয়ে পরামর্শ দেয় যে, ঘুমানোর তিন থেকে চার ঘণ্টা আগে থেকেই খাবার গ্রহণ বন্ধ রাখা উচিত। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট ড. সারাভানা কুমার মনে করেন, ঘুমানোর আগে খাবার হজম হওয়ার জন্য অন্তত চার ঘণ্টা সময় দেওয়া উচিত। যদি আপনার শুয়ে পড়ার প্রয়োজন হয়, তবে আপনি কোন দিকে ফিরে শুচ্ছেন তাও গুরুত্বপূর্ণ হতে পারে।
নেদারল্যান্ডসের আমস্টারডামে ৫৭ জন রোগীর ঘুমের ভঙ্গি নিয়ে ২০২২ সালে একটি গবেষণা চালানো হয়, যা আমেরিকান জার্নাল অব গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, পিঠের ওপর ভর দিয়ে বা ডান দিকে ফিরে শোয়ার তুলনায় বাম দিকে ফিরে শুলে পাকস্থলীর অ্যাসিডের সংস্পর্শে আসার হার উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং খাদ্যনালী থেকে এসিড দ্রুত দূর হয়।
যারা রাতে বুক জ্বালাপোড়ায় ভোগেন, তাদের জন্য পরামর্শ, বিছানার মাথার দিকের অংশটি কাঠ, ইট বা বই ব্যবহার করে প্রায় ১০ থেকে ২০ সেন্টিমিটার উঁচু করে রাখা যেতে পারে। কেবল অনেক বালিশ স্তূপ করে মাথার নিচে না রাখার পরামর্শ দেয়া হয়েছে; কারণ এতে পেটের ওপর চাপ পড়তে পারে এবং উপসর্গগুলো আরো খারাপ হতে পারে। এই উপসর্গ কমানোর উপায় হিসেবে বিছানার মাথার দিকটি ৩০ ডিগ্রি কোণে উঁচু করে রাখা যেতে পারে। ইন্টারনেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









