নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হতে হবে : ডা. তাহের
ads

 নিজস্ব প্রতিবেদক

শুধু প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করলেই চলবে না, সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 
গতকাল শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ও-লেভেল ও এ-লেভেল একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড : গ্র্যান্ড ফ্যালিসিটেশন সিরিমনি ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
ডা. তাহের বলেন, ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। নানা অপপ্রচার ও প্রপাগান্ডা সত্ত্বেও সংগঠনটি এগিয়ে যাচ্ছে এবং নারী-পুরুষ নির্বিশেষে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে। বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, দেশের শিক্ষানীতি ও কারিকুলামে বাংলা ও ইংরেজি মাধ্যমের মধ্যে যথাযথ সমন্বয় না থাকায় এ-লেভেল সম্পন্ন করা মেধাবী শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, শুধু আন্তর্জাতিক মানের দক্ষতা বা সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়; নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজ ও সভ্যতার অগ্রগতিতে নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ইসলামে নারীদের শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়নি। শিক্ষা অর্জনের পর সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিতেও নারীরা ভূমিকা রাখবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, কেবল বিপ্লব, গণ-অভ্যুত্থান কিংবা বড় বড় অবকাঠামো নির্মাণের মাধ্যমে সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। এর জন্য মানুষের ভেতরে নৈতিক পরিবর্তন ও সততা প্রয়োজন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন সঙ্ঘাতের উদাহরণ দিয়ে তিনি বলেন, বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও মানুষের নৃশংসতা কমেনি। কেবল বিজ্ঞানের উন্নতি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য তাকওয়া ও স্রষ্টার কাছে জবাবদিহিতার অনুভূতি জরুরি। সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, শুধু দক্ষতা বা ভালো ফলাফল দিয়ে একটি সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির পাশাপাশি সমাজের সর্বস্তরে আন্তরিকতা, স্বচ্ছতা ও সততার চর্চা প্রয়োজন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ কাক্সিক্ষত অর্জনে পৌঁছাতে পারেনি। এর পেছনে ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক হীনচক্রান্ত, দুর্নীতি, ব্যাংক লুটপাট ও বিদেশে অর্থ পাচার দায়ী। জাপান, জার্মানি, চীন ও সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব দেশ মানবসম্পদের সঠিক ব্যবহার, দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা এবং রাজনীতি ও প্রশাসনে মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছেছে। অথচ বাংলাদেশে দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এতে মেধা পাচারের প্রবণতা বাড়ছে।
ছাত্রশিবির সভাপতি বলেন, মেধা, প্রাকৃতিক সম্পদ কিংবা পর্যটন সম্ভাবনার কোনো অভাব নেই; অভাব সঠিক ব্যবস্থাপনা ও দূরদর্শী পরিকল্পনার। পর্যটন ও খনিজ সম্পদকে কাজে লাগানোর পাশাপাশি শিক্ষা ও আর্থিক খাতে মেধাবী ও অভিজ্ঞদের মূল্যায়ন করতে হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি প্রশিক্ষণ, মূলধন সরবরাহ ও করমুক্ত সুবিধা দেয়ার প্রস্তাব দেন তিনি। ঘুষ ও দুর্নীতিমুক্ত জীবন গড়ে তোলা এবং মানবতার কল্যাণে আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ও-লেভেল পরীক্ষায় ৯টি বিষয়ে ‘এ’ অর্জনকারী শিক্ষার্থী জুয়াইরিয়া মাহমুদের মা। তিনি সন্তানদের সাফল্যে অভিভাবকদের ত্যাগ ও সঠিক দিকনির্দেশনার কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সম্মাননা দেয়ায় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।
কেন্দ্রীয় গবেষণা ও উচ্চশিক্ষা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম ও বর্তমান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। এ সময় কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনী এবং প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।