অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর
অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর।
ads

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এ দিন মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক দু’টি আদালতে।
শনিবার মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার চার্জশিট আদালত গ্রহণ করেছেন। আসামিরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।
আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, “আমরা আমাদের মতো করে আইনি কার্যক্রম চালিয়ে যাব।”
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।