
গাজীপুর মহানগর প্রতিনিধি
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে শুরু হওয়া আন্দোলন ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা ক্রমেই বাড়ছে। আন্দোলনকারীদের ১৭২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা এবং ক্যাম্পাসে বিনা অনুমতিতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন নির্দেশনা জারির পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। মামলা ও প্রশাসনিক সিদ্ধান্তকে আন্দোলন দমনের কৌশল হিসেবে দেখছেন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিজেদের অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক আন্দোলন করায় তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। এতে দীর্ঘদিনের চাকরিগত বঞ্চনার অবসানের পরিবর্তে নতুন করে আতঙ্ক ও অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। এদিকে মামলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অসন্তোষ ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ছে। আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে গাজীপুরে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক শক্তির নেতাকর্মীদের সমন্বয়ে কর্মসূচির প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আজ রোববার অথবা সোমবার থেকে সমন্বিত ও কঠোর কর্মসূচি আসতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। এতে জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের অংশ নেয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দফতরের সহকারী প্রক্টর মো: সালাহ্ উদ্দিন বাদি হয়ে গত ১৮ নভেম্বর রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় মামলাটি করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে ১৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সংশোধনী ২০১৩-এর ৬ ও ১২ ধারায় মামলাটি করা হয়। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন বিভিন্ন পদে দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি না দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট করায় উপপরিচালক আমীর হোসেনকেও উদ্দেশ্যমূলকভাবে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আদালত অবমাননার অভিযোগে দায়ের করা পৃথক রিটসহ তার দু’টি রিটই বর্তমানে বিচারাধীন।
মামলার বাদি সালাহ্ উদ্দিনকে সাবেক আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাগিনা দাবি করে আন্দোলনকারীদের কয়েকজন প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত একজনকে বাদি করে মামলা দায়েরের মধ্য দিয়ে আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করা হয়েছে। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করার মাধ্যমে সাবেক ক্ষমতাসীনদের খুশি করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের।
আন্দোলনে নেতৃত্বদানকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মিয়া হোসেন রানা বলেন, ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তাকে ব্যক্তিগতভাবে দেখে নেয়ার হুমকি দিয়েছেন। রানা বলেন, আমরা যখন গঠনমূলকভাবে ন্যায্য দাবিতে আন্দোলন শুরু করি, তখন ভিসি পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের মাঠে নামান। তারা আমাদের বিরুদ্ধে স্লোগান দেন। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সাড়ে আট ’শ কর্মকর্তা-কর্মচারীকে দিয়ে ওই সরকারের সময় চাকরিচ্যুত চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৯৮৮ জনকে মোকাবেলার চেষ্টা করা হচ্ছে।
নিজেদের চাকরির ইতিহাস তুলে ধরে রানা বলেন, চারদলীয় জোট সরকারের আমলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার এসব নিয়োগপ্রক্রিয়া সঠিক হয়নি এমন অভিযোগ তুলে তাদের চাকরি বাতিল করে। একই সময়ে তাদের সাথে নিয়োগ পাওয়া আরো প্রায় ২২০ জন আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীর চাকরিও চলে যায়। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার তাদের চাকরি ফিরিয়ে দিলেও বাকি ৯৮৮ জনকে দীর্ঘদিন চাকরির বাইরে থাকতে হয়েছে। বর্তমান রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনও ওই ২২০ জনের একজন এবং বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত বলে দাবি করেন তিনি।
আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান ভিসি প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীদের একটি প্রভাবশালী বলয়ের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন। তাদের দ্বারাই প্রশাসন পরিচালিত হচ্ছে। জাতীয়তাবাদী চেতনার কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও অধিকার প্রতিষ্ঠার বিষয়টি ওই বলয় মেনে নিতে পারছে না বলেই উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও পাওনা থেকে বঞ্চিত রাখা হচ্ছে।
এদিকে শুক্রবার রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে ক্যাম্পাসে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের সভা, সমাবেশ ও কর্মসূচি আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।
গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ৯৮৮ জন পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান বেতন স্কেলে বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে ভিসিকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের আরেকটি অংশ পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। রাত পৌনে ১২টার দিকে পুলিশ প্রহরায় ক্যাম্পাস ত্যাগ করেন ভিসি। এর আগে জরুরি সিন্ডিকেট সভায় ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে কমিটির প্রধান করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং মামলার বাদি মো: সালাহ্ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় সরাসরি বক্তব্য নেয়াও সম্ভব হয়নি।
গাছা থানার ওসি মোহাম্মদ গোলাম রব্বানী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে সবাই উচ্চশিক্ষিত। তাই তারা এমন কোনো অপ্রীতিকর ঘটনায় জড়াবেন না, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে-এমন বিশ্বাস পুলিশের রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









