
সিলেট ব্যুরো
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনগত সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন এবং তাদের পেশাগত মর্যাদা ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে গণমাধ্যম সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ করেছে। এসব সুপারিশ বাস্তবায়িত হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আরো সুদৃঢ় হবে।
শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসিন অডিটোরিয়ামে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট আয়োজিত ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান তথ্য অফিসার বলেন, সরকারের প্রচার কার্যক্রম পরিচালনা এবং গণমাধ্যমের সাথে সমন্বয় সাধনে তথ্য অধিদফতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাথে সমন্বয়, অনলাইন ও আইপি টেলিভিশনের নিবন্ধন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানও তথ্য অধিদফতরের অন্যতম কাজ।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা যাতে হয়রানি বা অনাকাক্সিক্ষত সমস্যার মুখে না পড়েন, সে লক্ষ্যে আইনগত সুরক্ষা নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। বিচারপতি ও আইনজীবীদের সাথে আলোচনা করে এ বিষয়ে আইনের খসড়া প্রণয়নের প্রস্তাবও সরকারের কাছে দেয়া হয়েছে। বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রস্তাবটি পর্যালোচনা করছে। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সুরক্ষায় আইনটি দ্রুত প্রণীত হবে।
সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরো বলেন, অনেক ক্ষেত্রে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের শুধু পরিচয়পত্র দিয়েই দায়িত্ব শেষ করে। কিন্তু তাদের প্রাপ্য সম্মানী ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হয় না। এ অবস্থার পরিবর্তনে কমিশন বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের মর্যাদা ও সম্মানী নিশ্চিত করার বিষয়ে সরকারের কাছে সুপারিশ করেছে। সরকার এসব সুপারিশ বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে। প্রতিটি প্রতিবেদন হতে হবে বস্তুনিষ্ঠ এবং তা যেন সমাজ, মানুষ, দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখে। ‘সবার আগে বাংলাদেশ’ সেøাগানকে সবার সম্মিলিত প্রত্যয়ে পরিণত করে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে।
সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে মৌলভীবাজার সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্যসচিব রুবেল আহমদ এবং অফিসের শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









