দেশীয় পণ্যের পসরা নিয়ে আজ থেকে জাতীয় এসএমই মেলা
ads

বিশেষ সংবাদদাতা

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ, নতুন বাজার সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ করে দিতে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। ২২ থেকে ২৮ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। শতভাগ দেশীয় পণ্যের এ আয়োজনে অংশ নেবে সারা দেশের প্রায় সাড়ে ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশের এসএমই খাতের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ ২২ নভেম্বর সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধন অনুষ্ঠান হবে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো: ফজলুল হক। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে দেয়া হবে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যাশন ডিজাইন খাতের ৯৮টি, পাদুকা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটজাত পণ্যের ৩৫টি, হস্ত ও কারুশিল্পের ৩৫টি এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ৩০টি প্রতিষ্ঠান। এ ছাড়া জুয়েলারি, হালকা প্রকৌশল, হারবাল ও প্রসাধনী, তথ্যপ্রযুক্তি, প্লাস্টিক ও রাবারসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেবেন। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশই নারী। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’। এর আওতায় সারাদেশের এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান মেলায় যুক্ত থাকবে। শিল্প মন্ত্রণালয়ের সাতটি দফতর ও সংস্থাও তাদের কার্যক্রম তুলে ধরবে। মেলায় বিদেশী বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকবে না। কেবল দেশীয় উৎপাদনকারী কিংবা সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাই পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি লাগবে না।
ঋণ ও বাজার সংযোগে গুরুত্ব
শুধু পণ্য প্রদর্শন ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে না এবারের আয়োজন। উদ্যোক্তাদের অর্থায়ন, ব্যবসা সম্প্রসারণ এবং বাজারজাতকরণের সুযোগ তৈরিতেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। মেলায় অংশ নেয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনা করে ঋণসংক্রান্ত তথ্য ও পরামর্শ নিতে পারবেন উদ্যোক্তারা। ব্যাংকার ও উদ্যোক্তার মধ্যে সমঝোতা হলে মেলাতেই ঋণের আবেদন করার সুযোগ থাকবে। এ ছাড়া প্রতিদিন এসএমই বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৩ ও ২৪ নভেম্বর উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত হবে তিনটি সেমিনার ও একটি সংলাপ। এসব আলোচনায় তরুণ উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান, সহজ অর্থায়ন, জলবায়ু সহনশীলতা, বীমা, দেশীয় এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।
২৩ নভেম্বর সকালে ‘ঝযড়পিধংরহম ঘধঃরড়হধষ ঝগঊ চৎড়ফঁপঃ ঋধরৎ ২০২৬ ধহফ উরধষড়ম ভড়ৎ ঝগঊ উবাবষড়ঢ়সবহঃ রহ ইধহমষধফবংয’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়কে উদ্যোক্তা তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে সেমিনারে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২৪ নভেম্বর সকালে সিএমএসএমই খাতের জলবায়ু সহনশীলতা বাড়াতে ঋণ ও বীমার ভূমিকা নিয়ে সেমিনারে প্রধান অতিথি থাকবেন অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার। বিকেলে বৃহৎ শিল্পের সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংযোগ এবং এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও সম্প্রসারণ নিয়ে আলোচনায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান।
অর্থনীতিতে বড় অবদান, তবু সম্ভাবনার পুরো ব্যবহার হয়নি
দেশের অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) অবদান উল্লেখযোগ্য। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় এক কোটি ১৭ লাখ। এর মধ্যে প্রায় ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান। শিল্প খাতের মোট কর্মরত জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে নিয়োজিত। এ খাতে কর্মরত জনবল প্রায় তিন কোটি ৬ লাখ। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, সিএমএসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং প্রায় ৬৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতের সাথে যুক্ত। ফলে দেশের প্রান্তিক ও আঞ্চলিক অর্থনীতিতে এ খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে অর্থায়ন, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং বাজার সম্প্রসারণের সুযোগ বাড়ানো এ খাতের উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির সুবিধা পেয়েছেন প্রায় ২৫ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাদের মধ্যে ৬০ শতাংশই নারী। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে মেলা আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং ক্রেতাদের সাথে যোগাযোগের সুযোগ সৃষ্টি করছে সংস্থাটি।