জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন, কপ৩১, বাংলাদেশ, তুরস্ক
গণমাধ্যমের সাথে কথা বলেন কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। নয়া দিগন্ত
ads

এক দিন সময় বাড়িয়েও জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর গুরুত্বপূর্ণ আলোচনায় উল্লেখযোগ্য কোনো সমাধান আসেনি। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসার রোডম্যাপ, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রশ্নে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মতপার্থক্য কাটেনি। নির্ধারিত সময় গতকাল শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও আজ শনিবারও তুরস্কের আন্তালিয়ায় চলে চূড়ান্ত সমঝোতার চেষ্টা। তবে বর্ধিত সময়ের শেষ দিনেও সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তের পথ পরিষ্কার হয়নি।

এমন পরিস্থিতিতে শনিবার তুরস্কের স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে গণমাধ্যমের সাথে কথা বলেন কপ৩১-এর সভাপতি ও দেশটির পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। তার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে চূড়ান্ত সমঝোতার পথে সম্মেলনের অবস্থান এবং সভাপতির উদ্যোগ নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়। এর আগে শুক্রবার রাতেও তিনি স্বীকার করেছিলেন, আলোচনা শেষ পর্যায়ে পৌঁছালেও কাঙ্ক্ষিত সমঝোতা এখনো হয়নি।

শুক্রবার রাতে সমাপনী প্লেনারিতে কুরুম বলেছিলেন, ‘আমরা শেষ রেখার কাছাকাছি, কিন্তু এখনো সেখানে পৌঁছাইনি।’ 

তিনি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের মতামত শোনার কথা উল্লেখ করে ঐকমত্য প্রতিষ্ঠায় নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একইসাথে বিশ্ব ও মানবতার প্রত্যাশা বিবেচনায় নিয়ে একটি ইতিবাচক ফলাফল নিয়ে আন্তালিয়া ছাড়ার আহ্বান জানান। তার প্রত্যাশিত সমঝোতার নাম দেয়া হয়েছিল ‘আনতালিয়া কনসেনসাস’।

কিন্তু শনিবারও সেই ঐকমত্য প্রতিষ্ঠা সহজ হয়নি। সম্মেলনের মূল সিদ্ধান্তের খসড়া এবং অন্যান্য আলোচ্য বিষয়ে দেশগুলোর আপত্তি ও প্রস্তাব নিয়ে দর-কষাকষি চলতে থাকে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর সুস্পষ্ট অঙ্গীকার এবং জলবায়ু অর্থায়নের নিশ্চয়তা নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত আটকে যায়।

জীবাশ্ম জ্বালানি নিয়ে সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়ার অভিযোগ
কপ৩১-এর সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়েছে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসার প্রশ্নে। ২০২৩ সালে দুবাইয়ে কপ২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানিনির্ভর ব্যবস্থা থেকে উত্তরণের ঐতিহাসিক অঙ্গীকার করা হয়েছিল। আন্তালিয়ার সম্মেলনে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য সুস্পষ্ট সময়সীমা ও রোডম্যাপ গ্রহণের প্রত্যাশা ছিল।

কিন্তু প্রথম খসড়া সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার বিষয়ে যে ভাষা রাখা হয়েছিল, বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় খসড়ায় তা বাদ দেয়া হয়। ফলে ফ্রান্স, পানামা ও জার্মানিসহ কয়েকটি দেশ আপত্তি জানায়। ইউরোপীয় ইউনিয়নও খসড়ার পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো স্পষ্ট রোডম্যাপ ছাড়া কোনো চুক্তি গ্রহণযোগ্য হবে না বলে অবস্থান জানান।

অন্যদিকে সৌদি আরবসহ জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো জ্বালানি রূপান্তরের সময়সীমা ও পদ্ধতি নিয়ে আপত্তি জানায়। কার্বন ডাই-অক্সাইড ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তি নিয়েও বিতর্ক রয়েছে। পরিবেশবাদীদের আশঙ্কা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বাধ্যবাধকতা ছাড়া এ প্রযুক্তিকে গুরুত্ব দিলে তেল-গ্যাসনির্ভর অর্থনীতি দীর্ঘায়িত হওয়ার সুযোগ তৈরি হবে।

১২০ বিলিয়ন ডলারের অর্থায়ন প্রস্তাব বাদ
জলবায়ু অর্থায়ন নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বিরোধও সমঝোতার পথে বড় বাধা। দ্বিতীয় খসড়া সিদ্ধান্ত থেকে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রস্তাব বাদ পড়েছে। এর পরিবর্তে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ বাড়ানোর লক্ষ্য এবং ‘আন্তালিয়া-টু-আদ্দিস আবাবা রোডম্যাপ অন অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফাইন্যান্স’ সামনে আনা হয়েছে।

তবে উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য, শুধু ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে জলবায়ু পরিবর্তনের বর্তমান ক্ষতি মোকাবেলা সম্ভব নয়। অর্থায়নের সুনির্দিষ্ট পরিমাণ, উৎস, সময়সীমা এবং অর্থ ছাড়ের নিশ্চয়তা থাকতে হবে। আফ্রিকা, এশিয়া ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অনুদানভিত্তিক অর্থায়ন এবং সহজ শর্তে সহায়তার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, ক্ষয়ক্ষতি মোকাবেলার অর্থ ঋণ হিসেবে দেয়া হলে জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর নতুন ঋণের বোঝা তৈরি হবে।

বিদ্যুতায়নের লক্ষ্যেও প্রশ্ন
সম্মেলনে তুরস্ক ও অস্ট্রেলিয়ার উদ্যোগে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার ‘৩৫ বাই ৩৫’ উদ্যোগ আলোচনায় আসে। বর্তমানে এ হার প্রায় ২৩ শতাংশ। তুরস্কের দাবি, বিদ্যুতায়ন, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা এবং আধুনিক বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক নিঃসরণ কমানো সম্ভব।

তবে এ উদ্যোগের বাস্তবায়ন ও বাধ্যবাধকতা নিয়েও মতপার্থক্য রয়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর প্রশ্ন, বিদ্যুতের ব্যবহার বাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও অবকাঠামোর নিশ্চয়তা কে দেবে? বিদ্যুৎ উৎপাদন জীবাশ্ম জ্বালানিনির্ভর থাকলে বিদ্যুতায়নের সুফলও সীমিত হবে বলে মনে করছেন পরিবেশবাদীরা।

দুই দিনের বিক্ষোভে উত্তাল সম্মেলনস্থল
সমঝোতার অচলাবস্থার পাশাপাশি সম্মেলনস্থলে শুক্রবার ও শনিবার ধারাবাহিক প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। শুক্রবার দ্বিতীয় খসড়া সিদ্ধান্ত প্রকাশের পর প্লেনারি হলের বাইরে পরিবেশবাদী ও জলবায়ু আন্দোলনকারীরা নীরব বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল, চূড়ান্ত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার রাতের অধিবেশনে প্রতিবাদের নাটকীয় ঘটনা ঘটে। সম্মেলন সভাপতি মুরাত কুরুমের বক্তব্য চলাকালে আর্টিভিস্ট নেটওয়ার্কের সদস্য আমালেন সাথানানথান একটি টেবিলের ওপর দাঁড়িয়ে গলায় লাল দড়ির ফাঁস ঝুলিয়ে প্রতিবাদ জানান। তার টি-শার্টে লেখা ছিল ‘ইউ আর কিলিং দ্য ফিউচার’। পরে নিরাপত্তাকর্মীরা তাকে অধিবেশন থেকে সরিয়ে দেন।

শনিবারও প্রতিবাদের রেশ কাটেনি। লাতিন আমেরিকার জলবায়ু সংগঠন Colectivo VientoSur-এর ব্যাজধারী ১৭ জন আন্দোলনকারীকে সম্মেলনে প্রবেশ করতে দেয়া হয়নি। এ ঘটনায় নাগরিক সমাজের অংশগ্রহণ ও প্রতিবাদের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

শুক্রবার রাতে নাগরিক সমাজ ও পরিবেশবাদী শতাধিক সংগঠন সম্মেলনের দুই যৌথ সভাপতির কাছে চিঠি পাঠিয়ে সতর্ক করে বলেছে, কার্যকর সিদ্ধান্ত ছাড়া কপ৩১ শেষ হলে এটি জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনের ইতিহাসে অন্যতম হতাশাজনক আসরে পরিণত হতে পারে। চিঠিতে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের রোডম্যাপ, জলবায়ু অর্থায়নে জবাবদিহি, আদিবাসীদের অধিকার সুরক্ষা এবং কার্বন ক্যাপচার প্রযুক্তির যথাযথ নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

কিছু সিদ্ধান্ত হলেও মূল বিরোধ অমীমাংসিত
সম্মেলনে সব বিষয়ে অগ্রগতি থেমে ছিল না। প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের অধীনে আন্তর্জাতিক কার্বন বাজার ও সহযোগিতাসহ কয়েকটি কারিগরি ও প্রাতিষ্ঠানিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তুরস্কের বিদ্যুতায়ন উদ্যোগের প্রতিও সমর্থন বেড়েছে। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৫টি দেশ এবং ৯৪টি প্রতিষ্ঠান ও সংস্থা ৩৫ বাই ৩৫ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে।

তবে এসব অগ্রগতি সম্মেলনের প্রধান রাজনৈতিক বিরোধগুলো কাটাতে পারেনি। বিশেষ করে জীবাশ্ম জ্বালানির রোডম্যাপ, অভিযোজন অর্থায়ন এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিয়ে চূড়ান্ত সমঝোতা এখনো কঠিন হয়ে রয়েছে।

বাংলাদেশের প্রত্যাশা পূরণে অনিশ্চয়তা
কপ৩১-এর অমীমাংসিত বিষয়গুলো বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিশেষ উদ্বেগের। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও খরার ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা, মৎস্য, প্রাণিসম্পদ, নিরাপদ পানি এবং উপকূলীয় অবকাঠামো সুরক্ষায় অভিযোজন কার্যক্রম আরও জোরদার করা জরুরি।

এ ক্ষেত্রে ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহজে অর্থপ্রাপ্তির ব্যবস্থা বাংলাদেশের অন্যতম প্রধান প্রত্যাশা। কিন্তু অভিযোজন অর্থায়নের সুনির্দিষ্ট অঙ্ক ও উৎসের নিশ্চয়তা না থাকায় এসব প্রত্যাশা পূরণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সব মিলিয়ে নির্ধারিত সময়ের পরও এক দিন বাড়িয়ে আলোচনা চালিয়েও কপ৩১-এর বড় বিরোধগুলো নিষ্পত্তি করা যায়নি। সভাপতি মুরাত কুরুমের ‘আন্তালিয়া কনসেনসাস’ প্রতিষ্ঠার আহ্বান এবং অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েনের নেতৃত্বে শেষ মুহূর্তের দর-কষাকষি চললেও জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট পথনকশা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন ও পুনরুদ্ধারের নিশ্চয়তা অধরা রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমঝোতার আলোচনা অব্যাহত ছিল। ফলে বাংলাদেশ সময় গভীর রাত পর্যন্ত সম্মেলনের আলোচনা ও কার্যক্রম চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত সময়েও সমাধান না আসায় প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত কী ধরনের সিদ্ধান্ত নিয়ে পর্দা নামবে কপ৩১-এর? জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য দাবি পূরণ না হলে এই সম্মেলনের অর্জন ও কার্যকারিতা নিয়েও বিতর্ক থেকে যাবে।