ডেঙ্গু-হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
ads

নয়া দিগন্ত ডেস্ক

দেশে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে তিনজন এবং হামের উপসর্গে দুইজন মারা গেছেন। এ সময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৪ জন।  আর হাম ও উপসের্গ আক্রান্ত হয়েছেন ৯২৫ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। 
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বর মাসের ২০ দিনেই মারা গেছে ৯৭ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া  হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজার ৯৫৪ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৬৫ হাজার ৮৬৪ জন।
অপরদিকে হাম ও উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে এক হাজার ৩৪৩ জনে। এর মধ্যে হামের উপসর্গে এক হাজার ২৩৮ জন এবং নিশ্চিত হামে ১০৫ জন মারা গেছে। এ ছাড়া উপসর্গে মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ৫৫ হাজার১২৪ জন এবং হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০ জনের। ফলে মোট হাম ও উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছেন দুই লাখ ৮১ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে মোট হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৮ হাজার ৪৬৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে দুই লাখ ১৯ হাজার ৭১৮ জন।
সিলেটে হামে নতুন ভর্তি শতাধিক
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হামে দু’দিনে পাঁচ শিশুর মৃত্যুর পর এক দিন মৃত্যুহীন কেটেছে। গত ২৪ ঘন্টায় সিলেটে হামে কারো মৃত্যু হয়নি, নতুন শনাক্ত হয়নি কেউ। এই সময়ে উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১০১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৮ জন। শনিবার (২১ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮২৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৫৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯২১ জনের হাম শনাক্ত হয়েছে।
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১১৫৭
সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সিলেট নতুন করে চার ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন।
শনিবার (২১ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত চারজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, হবিগঞ্জ সদর হাসপাতালে এক ও সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, নর্থ ইস্ট মেডিকেলে চার, হবিগঞ্জ সদর হাসপাতালে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে চার, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও মৌলভীবাজার সদর হাসপাতালে দু’জন চিকিৎসাধীন রয়েছেন।