
ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে বেশ অস্বস্তিতে থাকতে দেখা গিয়েছিল হাসান মাহমুদকে। ম্যাচ চলাকালে কয়েকবার ফিজিওর সেবাও নেন এই পেসার। একবার মাঠও ছাড়েন তিনি। প্রথমে কপালে বল লাগলেও তাতে খুব একটা সমস্যা হয়নি। পরে তার পুরনো চোট টেনিস এলোবোতে ব্যথা শুরু হয়। তখনই শঙ্কা তৈরি হয়েছিল, শেষ টেস্টে বিশ্রামে থাকবেন এই পেসার। অবশেষে তাই হলো। দক্ষিণ আফ্রিকা সফরে আর খেলাই হচ্ছে না বাংলাদেশের এই পেসারের। সরাসরি দেশে ফিরে আসছেন হাসান। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন তিনি।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে চোট নিয়ে খেলেছিলেন হাসান। ম্যাচের আগে থেকেই ডান হাতে অস্বস্তি ছিল তার। বোলিংয়ের সময় হাতের সুরক্ষায় ব্রেসও ব্যবহার করতে দেখা যায় তাকে। এর পরও দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১১৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। তবে চতুর্থ দিন পুরনো টেনিস এলবো সমস্যাটি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে বোলিং বন্ধ করে মাঠ ছাড়তে হয় তাকে।
চিকিৎসকদের পরামর্শ এবং শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। হাসানের এই চোট নতুন নয়। এর আগে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও কনুইয়ের সমস্যায় ভুগেছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টেও খেলেছেন চোট নিয়েই। সাম্প্রতিক সময়ে টানা ক্রিকেট খেলার ধকলও তার চোটের সমস্যা বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









