নারী ফুটবলে খেলছে না ঢাকা রেঞ্জার্স
ads

 রফিকুল হায়দার ফরহাদ
ঢাকা আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ যেখানে পারেনি সেখানের ব্যতিক্রম ছিল ঢাকা রেঞ্জার্স। একই সাথে নারী ও পুুরুষ ফুটবল লিগে খেলেছে ঢাকার উত্তরার এই ক্লাব। অথচ এবার তারা নারী লিগে অংশ নিচ্ছে না। শঙ্কা দেখা দিয়েছে দলটির বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণ নিয়েও। বাফুফে সূত্রে জানা গেছে তা। অবশ্য বিসিএলে না খেলার শঙ্কা উড়িয়ে দিয়েছেন ঢাকা রেঞ্জার্সের সাধারণ সম্পাদক তানজিদ রহমান জিম। তার মতে, আমরা এবার নারী লিগে খেলতে পারছি না। তবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ঠিকই অংশ নেবো।
গত কয়েক বছর ধরেই নারী ও পুরুষ লিগে দলটির অংশগ্রহণ। তাহলে এবার কেন নারী লিগে দল রাখা হচ্ছে না। তানজিদ রহমান জিমের মতে, ‘চেষ্টা করেছিলাম পুরুষ দলের সাথে নারী দলও গঠনের। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারনে পারিনি। আসলে বিসিএল ও নারী লিগ একই সময় হয়। এতে আমাদের পক্ষে খুবই কষ্ট কর হয়ে যায় এক সাথে দু’টি টিম চালানো। যদি দু’টি লিগ আগে পরে হতো তাহলে দুই লিগের দল গড়তাম।’
জিমের দেয়া তথ্য, ২৫-৩০ লাখ টাকা খরচ করে আমরা নারী দল গঠন করি। প্রতিবারই আমরা জাতীয় দলকে ফুটবলার সরবরাহ করি। জাতীয় দলের ডিফেন্ডার মৌসুমী এবং গোলরক্ষক হিমি আমাদেরই খেলোয়াড়। কিন্তু আর্থিক সঙ্কট আমাদের বেকাদায় ফেলেছে।
এবারের নারী লিগে অংশ নিতে ২০টি ক্লাব আবেদন করেছে। তবে এখন বাফুফের ফাস্ট ইনিসটেন্ট বডি (এফআইবি) চূড়ান্ত করেনি কয়টি দল লাইসেন্স পাবে। এএফসির শর্ত হলো লিগে কমপক্ষে ১০টি দল লাগবে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার লাইসেন্স পাওয়ার জন্য। গত  নারী লিগে ১১টি দল অংশ নিয়েছিল। ১০ দলের শর্ত পূরণ করার বদৌলতেই সর্বশেষ নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পেয়েছিল চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স।
এবারের লিগে খেলার কথা বলেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। জানা গেছে মোহামেডান ক্লাবের সভাতেও আলোচনা হয়েছিল নারী ফুটবল লিগে দল গঠন বিষয়ে। এরপর তারা মৌখিকভাবে বাফুফেতে যোগাযোগও করেছিল। কিন্তু ক্লাব লাইসেন্সিয়ংয়ের জন্য কোনো কাগজই জমা দেয়নি।
বাফুফে সূত্রে জানা গেছে নারী লিগে গত বছর খেলা বাংলাদেশ পুলিশ দলেরও অনিশ্চয়তা ছিল এবারের লিগে অংশগ্রহণ বিষয়ে। ফান্ড সঙ্কটে দল গঠনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সূত্র মতে, পুলিশ দল যাতে নারী লিগে খেলে সে জন্য বাফুফে সভাপতি তাবিথ আওয়ালও যোগাযোগ করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তার সাথে।
এবারের লিগে খেলার জন্য নতুন ভাবে আবেদন করেছিল বেশ কয়েকটি ক্লাব। এর মধ্যে চাঁদপুরের একটি ক্লাব আবেদন করলেও শেষ পর্যন্ত তারা খেলছে না। নারী ফুটসাল লিগে খেলা দলটির মালিক পক্ষ এখন কারাগারে। ফলে তাদের খেলা হচ্ছে না। এ ছাড়া ফেনীর আর্কিস ক্লাব, উত্তরবঙ্গের একটি ক্লাব এবং রক্সি ফুটবল অ্যাকাডেমি আবেদন করলেও লাইসেন্সিংয়ের জন্য পর্যাপ্ত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হয়েছে। ফলে তাদের লিগে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
অবশ্য এখনো চূড়ান্ত হয়নি কবে মাঠে গড়াবে লিগে। বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘আমরা ডিসেম্বরের মাঝামাঝিতে নারী লিগ শুরুর চিন্তাভাবনা করছি। এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।’ গত বছর ২৯ ডিসেম্বর নারী লিগ শুরু হয়েছিল। এবারো ডিসেম্বরে শুরু হওয়ার কথা নারী লিগ। কিন্তু এখনো দল চূড়ান্ত না হওয়ায় ফুটবলাররাও টেনশনে আছে।