রাজশাহীতে হাফ ম্যারাথন অনুষ্ঠিত
ads

রাজশাহী ব্যুরো  
উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন। গতকাল সকালে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে এক হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশ নেন। এ দিকে নগরীতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি ও ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে ম্যারাথন শুরু হয়। দৌড়টি কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
ম্যারাথন আয়োজনে টাইটেল স্পন্সর ছিল টাইম জোন। সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী সিটি করপোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পূবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সপুরা সিল্ক, নিউকি, এমসিজি ও স্পার্কলিংসহ অন্যান্য প্রতিষ্ঠান।