গোপালগঞ্জে আইজিপি বিজিবি এসআরবি ও আনসারের ডিজি
ads

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নাশকতা ও দু’টি থানায় ভাঙচুরের পর অস্ত্র লুট এবং অগ্নিসংযোগের ঘটনায় সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জ গেছেন চার বাহিনীর প্রধান। গতকাল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জেলাটিতে গিয়ে বিশেষ বৈঠক করেন। গতকাল শুক্রবার সকালে তারা সেখানে যান। 
সূত্র জানায়, গোপালগঞ্জে সম্প্রতি যে নাশকতামূলক কর্মকাণ্ডের সৃষ্টি হয়েছে তা পুনরায় ঘটলে কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে এসব সহিংসতায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে পরিস্থিতির আরো অবনতি হলে কী করণীয় সে বিষয়ে গতকাল চার বাহিনীর প্রধানরা দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।  
আইজিপি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন। তিনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত, পুড়ে যাওয়া বা আক্রান্ত হওয়া থানাগুলো পরিদর্শন করেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ সভায় অংশ নিয়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা দেন। 
জানা গেছে, গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কোথাও নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলা শহরসহ বিভিন্ন স্থানে রাত থেকেই বৃষ্টি হওয়ায় গতকাল সকাল পর্যন্ত কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুর করার খবর পাওয়া যায়নি। জেলা শহরে ঔষধ ও খাবারের দোকান ছাড়া বাকি দোকানপাট বন্ধ ছিল। শহরের প্রধান সড়কগুলো দিয়ে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। কয়েক দিনের সহিংসতার কারণে শহরে সাধারণ মানুষের উপস্থিতিও কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। 
শান্তি বিনষ্টকারীদের সংখ্যা বেশি নয়
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, আইজিপি মো: আলী হোসেন ফকির বলেছেন, যারা শান্তি নষ্ট করে, তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে; তাদের সংখ্যা বেশি নয়। আপনারা দেখেছেন এর আগেও আন্দোলন হয়েছে, পরে তাদের পরিণতি কী হয়েছে। শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউজে রুদ্ধদ্বার বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় নিজ গাড়িতে বসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংস ঘটনার প্রেক্ষাপটে গতকাল গোপালগঞ্জে উচ্চপর্যায়ের এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইজিপির পাশাপাশি এসআরবি, বিজিবি ও আনসার ডিজি উপস্থিত ছিলেন।
এর আগে, বেলা ১১টার দিকে এই শীর্ষ কর্মকর্তারা গোপালগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ সভায় যোগ দেন। পরবর্তীতে বিকেল ৩টার দিকে তারা স্থানীয় সার্কিট হাউজে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা।