
মনির হোসেন
ইরানে মার্কিন ও ইসরাইলি ভয়াবহ হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তাঝুঁকি বেড়েছে। এ পর্যন্ত সঙ্ঘাতে বহু মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। একই সাথে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কয়েকটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার ঝুঁকিতে পড়েছে। এসব ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশী প্রবাসীরাও হতাহত হয়েছেন।
আলোচনার উদ্যোগে কয়েক দিন হামলা বন্ধ থাকার পর আবারও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলার ঘটনা ঘটেছে। ইরানের হামলার জবাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্রও। ফলে এসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
সর্বশেষ গত বুধবার ভোররাতে স্থানীয় সময় কুয়েতের জাহারা এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একই সময়ে বাহরাইন ও সৌদি আরবের রাজধানী রিয়াদেও হামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এসব ঘটনার পর সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার কুয়েতের স্থানীয় সময় ভোর ৬টার দিকে দেশটিতে অবস্থানরত একজন বাংলাদেশী প্রবাসী পরিচয় গোপন রাখার শর্তে নয়া দিগন্তকে বলেন, বুধবার ভোরে জাহারা এলাকার একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে কুয়েতের সশস্ত্রবাহিনী ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করেছে বলে শোনা যাচ্ছে।
হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ওই প্রবাসী বলেন, নিরাপত্তার কারণে ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ। ফলে মার্কিন সেনাদের কেউ হতাহত হয়েছেন কি না কিংবা স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাচ্ছে না। তার ভাষ্য, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনের যেসব এলাকায় মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, সেগুলোই ইরানের হামলার প্রধান লক্ষ্যবস্তু। পাল্টা হামলাও চলছে।
বেসামরিক স্থাপনায় হামলা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাদের জানা মতে- হামলার মূল লক্ষ্য সামরিক স্থাপনাগুলো। তবে যুদ্ধের পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকি নিয়েই প্রতিদিন কর্মস্থলে যেতে হচ্ছে। কখন কোথায় হামলা হয়, সেই আশঙ্কা নিয়েই দিন কাটছে।
কুয়েতে বাংলাদেশীদের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ কোনো নির্দেশনা দেয়া হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সতর্ক ও সাবধানে চলাফেরার পরামর্শ দেয়া হচ্ছে। তবে পাসপোর্ট নবায়ন ও নতুন ভিসা সত্যায়নের মতো নিয়মিত সেবা ছাড়া প্রবাসীরা দূতাবাস থেকে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না বলে তার অভিযোগ।
দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ওই প্রবাসী। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তারাই এখনো দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। তাদের সম্পদের বিষয়ে যথাযথ তদন্ত হলে অনিয়মের তথ্য বেরিয়ে আসতে পারে বলেও দাবি করেন তিনি। যদিও এসব অভিযোগের বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, যুদ্ধের কারণে কুয়েতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। কিন্তু প্রবাসীদের বেতন বাড়েনি। বরং বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে অনেকেই চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। এ অবস্থা দীর্ঘায়িত হলে দেশটির অনেক প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সঙ্কুচিত হতে পারে, এমনকি কিছু প্রতিষ্ঠান বন্ধও হয়ে যেতে পারে। এতে প্রবাসীদের আয় ও দেশে অর্থ পাঠানোর সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার অভিযোগ, এসব বিষয় নিয়ে দূতাবাসের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
এ দিকে ইয়েমেনের হাউছিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর প্রভাবে ঢাকাসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে আকাশপথে যোগাযোগ বিঘিœত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। কখন, কোথায় হামলা হয়, সেই আশঙ্কায় তাদের অনেকেই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
তবে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রিয়াদ বিমানবন্দরের ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদিয়া এয়ারলাইনসের যেসব যাত্রী লাগেজ পাননি, তাদের অনলাইনে অভিযোগ দাখিলের অনুরোধ জানানো হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে দূতাবাসের ওয়েবসাইটে নতুন কোনো বিস্তারিত নির্দেশনা পাওয়া যায়নি।
কুয়েত ও সৌদি আরবের পাশাপাশি বাহরাইনেও হামলার ঘটনা ঘটছে বলে প্রবাসীরা জানিয়েছেন। তবে কাতারে আপাতত হামলার ঘটনা ঘটছে না বলে দেশটিতে অবস্থানরত বাংলাদেশীদের সাথে কথা বলে জানা গেছে।
এ দিকে যুদ্ধে নিহত বাংলাদেশী প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে দূতাবাস, কনস্যুলেট কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে অনেক প্রবাসী বাংলাদেশীর আয় কমে গেছে, কারো কারো কর্মসংস্থানও অনিশ্চিত হয়ে পড়েছে। দেশে থাকা স্বজনদের কাছে তারা নিয়মিত এসব দুর্ভোগের কথা জানাচ্ছেন।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে বিপুলসংখ্যক মানুষ বসবাস করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা দেয়া এবং দেশে ফেরার প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেয়া এখন সরকারের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটগুলোর আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন প্রবাসীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









